মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
সমস্যা থাকবেই, তার মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে: প্রধানমন্ত্রী বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবি, ৬ জেলে নিখোঁজ বরিশালের ইয়াবাসহ ব্রাজিল সমর্থক গ্রেপ্তার বরিশালসহ ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা হিজলায় ছাত্রদল নেতার মোটরসাইকেল বহরে হামলা-ভাঙচুর খাগড়াছড়িতে দুপক্ষের গোলাগুলি, নিহত ৩ বেসরকারি ক্লিনিকে লেবার রুম না থাকলে লাইসেন্স বাতিল : স্বাস্থ্যমন্ত্রী সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ যুবদলের কেন্দ্রীয় সভাপতি-সম্পাদকের বাগবিতণ্ডা, চরম হট্টগোল

ভিক্ষুক সেজে আশ্রয় নিয়ে বৃদ্ধাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট, গ্রেপ্তার মা-ছেলে

/ ৪৬ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

ভিক্ষুক সেজে এক বৃদ্ধার বাড়িতে আশ্রয় নিয়ে গভীর রাতে তাকে কুপিয়ে স্বর্ণালংকার লুট এবং হত্যাচেষ্টার অভিযোগে মা-ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গুরুতর আহত সাফিয়া খাতুন (৭০) বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ২ জুলাই রাত সাড়ে ১২টার দিকে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের মক্রমপ্রতাপ গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাফিয়া খাতুন ওই গ্রামের ফুল শরিফের স্ত্রী।

ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে একই ইউনিয়নের বুখাইনগর ইছাগুড়া গ্রামের বাসিন্দা রুমা বেগম (৪৫) ও তার ছেলে মো. শাকিলকে (২৪) গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা।

এ ঘটনায় গ্রেপ্তার হওয়া মা-ছেলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছেন আহত বৃদ্ধার ভাই আশরাফ আলী সিকদার।

শনিবার (৪ জুলাই) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মামলার বাদী আশরাফ আলী সিকদার জানান, অভিযুক্তরা চরমোনাই এলাকার বাসিন্দা। তবে ঘটনার চার থেকে পাঁচ দিন আগে রুমা বেগম নিজেকে ঝালকাঠির বাসিন্দা, অসহায় ও ভিক্ষুক পরিচয় দিয়ে সাফিয়া খাতুনের বাড়িতে রাতযাপনের জন্য আশ্রয় চান।

সরল বিশ্বাসে বৃদ্ধা তাকে নিজের বাড়িতে থাকতে দেন। পরদিন সকালে রুমা ভিক্ষাবৃত্তির কথা বলে চলে যান। পরে ১ জুলাই রাত ৮টার দিকে তিনি আবারও দুটি কাপ আইসক্রিম নিয়ে বৃদ্ধার বাড়িতে এসে রাত কাটানোর অনুরোধ করেন। এ সময় তার ছেলে শাকিল বাড়ির আশপাশে ঘোরাফেরা করছিল বলে অভিযোগ রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, রুমার দেওয়া আইসক্রিম খাওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে বৃদ্ধা নিজ কক্ষে কিছুটা অচেতন হয়ে পড়েন। সেই সুযোগে শাকিল ঘরে প্রবেশ করেন। এরপর রুমা বৃদ্ধার গলা থেকে স্বর্ণের চেইন খুলে নেন। পরে কানের দুল খুলতে গেলে বিষয়টি টের পেয়ে বৃদ্ধা রুমার হাত চেপে ধরেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে মা-ছেলে কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেন।

অভিযোগে আরও বলা হয়, স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার সময় সাফিয়া খাতুন বাধা দিলে ঘরে থাকা একটি বটি দিয়ে তার পেটে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তার গলা চেপে শ্বাসরোধ করে হত্যারও চেষ্টা করা হয়।

বৃদ্ধার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত মা-ছেলে পালিয়ে যান। পরে স্থানীয়রা সাফিয়া খাতুনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সেদিন রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আল মামুন উল ইসলাম বলেন, বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। সেই সুযোগে ভিক্ষুকের পরিচয়ে আশ্রয় নিয়ে এ অপরাধ সংঘটিত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। অভিযোগ পাওয়ার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত নারীকে শনাক্ত করা হয়। ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করে পুলিশ। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তায় শুক্রবার মধ্যরাতে চরমোনাই এলাকায় অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মা ও ছেলেকে আটক করতে সক্ষম হন তারা।’

​ওসি আরও জানান, ‘এ ঘটনায় ভুক্তভোগী বৃদ্ধার ভাই মো. আশরাফ আলী সিকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় আটক দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদের শনিবার বিকেলে আদালতে প্র‍েরণ করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com