এসএসসি পরীক্ষার্থী ১৮ লাখ ৫৭ হাজার, কোন বোর্ডে কতজন!
অনলাইন ডেক্স ।।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ পরীক্ষার্থী। যার মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ ও কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।
সারাদেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশ নিচ্ছে দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
রোববার (১৯ এপ্রিল) ১১টি শিক্ষা বোর্ডের মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন। তবে এখনো বিশেষ বিবেচনায় ফরম পূরণ চলছে। ফলে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি।
আজ সন্ধ্যার দিকে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘এখনো ফরম ফিলাপ চলছে। এ পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে, তা হলো শুধু ঢাকা বোর্ডের অধীনে ফরম পূরণ করেছে ৩ লাখ ৬৬ হাজার ৭১৪ জন। এটা আরও কিছু বাড়তে পারে।’
পরীক্ষার একদিন আগেও ফরম পূরণ কীভাবে চলছে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘অনেকে বিষয় পরিবর্তন করে; অনেকের আরও অনেক ধরনের ঝামেলা থাকে, সেদিক বিবেচনা করে সুযোগ রাখা হয়।’
কোন বোর্ডে কত পরীক্ষার্থী
এবার এসএসসি ও সমমান পরীক্ষায় সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে রোববার বিকেল ৫টা পর্যন্ত তিন লাখ ৬৬ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন (সন্ধ্যা ৭টার দিকে তা আরও বেড়েছে)। এরমধ্যে ছাত্র ১ লাখ ৬৯ হাজার ৯৩৯ জন, ছাত্রী ১ লাখ ৯৬ হাজার ৭১১ জন। বোর্ডে মোট কেন্দ্র ৫১০টি। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ৩ হাজার ৪৪১টি।
বোর্ডভিত্তিক সবচেয়ে কম শিক্ষার্থী সিলেট বোর্ডে। এ বোর্ডে ৮৯ হাজার ৪২১ পরীক্ষার্থী। এরমধ্যে ছাত্র ৩৫ হাজার ৫৩০ জন, ছাত্রী ৫৩ হাজার ৮৯১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২২৫টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ৯৭৩টি।
রাজশাহী শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৯৩ হাজার ১৭৪ জন, ছাত্রী ৮৪ হাজার ৫৩৫ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৭৪টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ২৭৯টি।
কুমিল্লা বোর্ডে এবার ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৫৮ হাজার ৮৭৭ জন, ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৭৭টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৮২২টি।
যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৬৬ হাজার ৯২৮ জন, ছাত্রী ৬৮ হাজার ১৬১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৯৯টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৫৭২টি।
চট্টগ্রাম বোর্ডে এবার ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন, ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৮টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ২১৮টি।
বরিশাল শিক্ষা বোর্ডে এবার ৮১ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৩৭ হাজার ৯৪৪ জন, ছাত্রী ৪৩ হাজার ৮৮৭ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২১৬টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৫১৫টি।
দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৯২ হাজার ৬৯২ জন, ছাত্রী ৮৯ হাজার ১৬২ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ২৮৩টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ২ হাজার ৮১০টি।
ময়মনসিংহ বোর্ডে এবার ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ৫৫ হাজার ৯২৬ জন, ছাত্রী ৫২ হাজার ৪৩৩ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ১৮৮টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ১ হাজার ৩৩৮টি।
মাদরাসা শিক্ষা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন, ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৭৪২টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ৯ হাজার ১২৫টি।
কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন। এরমধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন, ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন। এ বোর্ডে মোট কেন্দ্র ৬৫৩টি। অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ৩ হাজার ৬২টি।
শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সময়সূচি অনুযায়ী, এবার এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষা শেষ হবে ২০ মে। ৭ জুন থেকে শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, যা চলবে ১৪ জুন পর্যন্ত।



Post Comment