বরিশালে বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে পৈত্রিক জমি দখলচেষ্টা, হামলা-ভাঙচুর ও মিথ্যা মামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বরিশাল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মোহাম্মদ আল আমিন।
লিখিত বক্তব্যে তিনি জানান, নগরীর সিএনবি রোড এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। তার ছোট ভাই মোহাম্মদ আরিফ শারীরিক প্রতিবন্ধী। পৈত্রিক সূত্রে বগুড়া আলেকান্দা মৌজার জেএল নং ৫০, এসএ খতিয়ান নং ১৫৮১ এবং এসএ দাগ নং ৯৭১ অনুযায়ী ৪.৯২ শতাংশ জমির মালিক তারা এবং দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন।
তার অভিযোগ, জমি থেকে উচ্ছেদ করতে রাজনৈতিক প্রতিপক্ষের একটি চক্র নানা ষড়যন্ত্র করছে। জমি দখলের উদ্দেশ্যে গত ২৮ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে তাদের বাড়িতে হামলা চালায় একটি সন্ত্রাসী চক্র। হামলায় নেতৃত্ব দেন ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব ও মৃত মোতালেব মল্লিকের ছেলে মোহাম্মদ রুহুল আমিন মল্লিক। তার সঙ্গে ছিলেন জিলা স্কুলের সাবেক শিক্ষক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক হেলাল, মৃত আকবর আলীর স্ত্রী মোসাম্মৎ মাহফুজা বেগম, মো. কামাল, মোহাম্মদ ফারুক, মো. হারুন, মোহাম্মদ শামীম হাওলাদার, মো. জাকির, মোহাম্মদ জব্বার মল্লিক, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ আনোয়ার, মোহাম্মদ জাকির হাওলাদার সহ ২০-২৫ জন অজ্ঞাত ব্যক্তি।
এতে তার মা নুরজাহান বেগম, স্ত্রী হাবিবা বেগম, প্রতিবন্ধী ভাই আরিফসহ তিনি নিজেও আহত হন। হামলায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এর আগেও ২০২৫ সালের ১৭ মে একই চক্র জমি দখলের উদ্দেশ্যে বসতঘরের সামনে বালু ফেলে এবং বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে। এমনকি তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি ও ভাঙচুরের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগীর দাবি, জমি সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে দায়ের করা সিভিল রিভিশন মামলা (৬৯১/২০২৫)-এ আদালত নিষেধাজ্ঞা জারি করেছেন, যা এখনও বলবৎ রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আদালত, পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেওয়ার পরও প্রতিপক্ষ আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং খুন-জখমসহ এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান তিনি।
বিএনপি নাম ভাঙিয়ে যারা এ ধরনের অপকর্ম করে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমান, বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: মজিবুর রহমান সরোয়ার ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনের কাছে সুষ্ঠু বিচার দাবী করেছেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদার বলেন, দলীয় পদ ব্যবহার করে কোন অন্যায় করলো অবশ্যই সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়া হবে।



Post Comment