নিজস্ব প্রতিবেদক ।।
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় বরিশাল বিভাগের ছয় জেলায় ৪৮ হাজার ৭১৩ হেক্টরের বেশি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৩০ হাজার ৪৩০ হেক্টর জমির আমন ধান এবং ১৮ হাজার ২৮৩ হেক্টর জমির অন্যান্য ফসল রয়েছে। আধাপাকা ধান হেলে পড়ার পাশাপাশি জলাবদ্ধতায় শীতকালীন সবজি ও ডালজাতীয় ফসলের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বরিশাল অঞ্চলের হিসাব অনুযায়ী, গত তিন দিনের বৃষ্টিতে বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা ও ভোলায় এসব ফসল আক্রান্ত হয়েছে।
আক্রান্ত আমন ধানের মধ্যে ১৩ হাজার ৭৮৮ হেক্টর জমিতে উচ্চফলনশীল (উফশি) জাত এবং ১৬ হাজার ৬৪২ হেক্টর জমিতে স্থানীয় জাতের ধান রয়েছে। চলতি মৌসুমে বিভাগে ৭ লাখ ৪৮৪ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়েছে। এর মধ্যে ২৪ হাজার ২২২ হেক্টর জমির ধান ইতিমধ্যে কাটা হয়েছে।
আমন ছাড়া অন্যান্য ফসলের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে খেসারি ডাল ও শীতকালীন সবজি। এর মধ্যে ১৩ হাজার ৩৪ হেক্টর খেসারি, ৪ হাজার ১০১ হেক্টর শীতকালীন সবজি, ৫২৯ হেক্টর সরিষা, ২৮৫ হেক্টর ধনিয়া, ১৪৬ হেক্টর তরমুজ, ৮৬ হেক্টর মরিচ, ১৭ হেক্টর মসুর ডাল, ৮ হেক্টর আলু এবং ২ হেক্টর গমের জমি রয়েছে।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে বরিশাল বিভাগে ৫৫ হাজার ৩৫০ হেক্টর জমিতে শীতকালীন সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ পর্যন্ত আবাদ হয়েছে ১৩ হাজার ৩৩৩ হেক্টরে। খেসারি চাষের লক্ষ্যমাত্রা ৫৩ হাজার ৮২০ হেক্টর হলেও আবাদ হয়েছে ১৭ হাজার ৮১৬ হেক্টরে। এ ছাড়া মসুর ডালের লক্ষ্যমাত্রা ১ হাজার ৩২৭ হেক্টর এবং সরিষার আবাদ হয়েছে ৫৩৯ হেক্টর জমিতে।
জেলাভিত্তিক হিসাবে, বরিশালে ৯ হাজার ৩৩ হেক্টর আমন ধান ও ৩ হাজার ৫৯ দশমিক ২৫ হেক্টর অন্যান্য ফসল আক্রান্ত হয়েছে। পিরোজপুরে আমন ধানের ৫ হাজার ২৭৫ হেক্টর এবং অন্যান্য ফসলের ২ হাজার ২০৪ হেক্টর জমি রয়েছে এ তালিকায়। ঝালকাঠিতে ৮ হাজার ১৪৮ হেক্টর আমন ও ১ হাজার ৯৫৫ দশমিক ৮ হেক্টর অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
অন্যদিকে পটুয়াখালীতে ১ হাজার ১০৭ হেক্টর আমন ধান ও ৩৭২ হেক্টর অন্যান্য ফসল আক্রান্ত হয়েছে। বরগুনায় আমন ধানের ৪ হাজার ৯৮৭ হেক্টর এবং অন্যান্য ফসলের ৬ হাজার ৫২৫ হেক্টর জমি ক্ষতির মুখে পড়েছে। ভোলায় এ পরিমাণ যথাক্রমে ১ হাজার ৮৮০ ও ৪ হাজার ১৬৭ হেক্টর।
কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক বলেন, বৃষ্টি ও বাতাসে আমন ধান কিছুটা হেলে পড়েছে। এতে অপরিপক্ব ধানের কিছু ক্ষতি হতে পারে। পাশাপাশি লালশাক, পালংশাক ও ধনিয়াপাতার ক্ষতির আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে ক্ষয়ক্ষতি সীমিত থাকবে।
বরিশাল আবহাওয়া কার্যালয়ের জ্যেষ্ঠ পর্যবেক্ষক মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশালে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোসাম্মাৎ মরিয়ম বলেন, জমিতে দীর্ঘ সময় পানি জমে না থাকলে ফসলের ক্ষতির পরিমাণ বাড়বে না। শীতকালীন সবজির মধ্যে লালশাক ও পালংশাক এবং রবি ফসলের মধ্যে খেসারি ও সরিষা আক্রান্ত হয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির মাত্রা খুব বেশি নয়।