নিজস্ব প্রতিবেদক ।।
ঢাকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. জাহাঙ্গীর হোসেনকে চার বছর পর গ্রেপ্তার করেছে পটুয়াখালীর দশমিনা থানা-পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে বরিশাল শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. জাহাঙ্গীর হোসেন দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের চরহোসনাবাদ গ্রামের বাসিন্দা। তিনি মৃত ইদ্রিস সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, জাহাঙ্গীর হোসেন দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ঢাকায় বসবাস করতেন। সেখানে বসবাসের সময় তিনি মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ঢাকার কোতোয়ালি থানায় জিআর নং-৬৬/১৮ ও জিআর নং-৭৯০/১৯, এয়ারপোর্ট থানায় জিআর নং-৭০/১৫ ও সদর থানায় জিআর নং-১১৫/২০ নম্বরে চারটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে দুইটি মামলায় তার মোট ছয় বছরের সাজা হয়েছে। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।
গ্রেপ্তারি পরোয়ানা পাওয়ার পর দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাদ ও সোহেল রানাসহ পুলিশের দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বরিশাল শহরে অভিযান চালায়। এ সময় জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে দশমিনা থানায় নিয়ে আসা হয়।
দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ‘মো. জাহাঙ্গীর হোসেন দশমিনা উপজেলার বাশবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। ঢাকায় কয়েকটি মাদক মামলার আসামি। দুইটিতে ছয় বছরের সাজাপ্রাপ্ত। দীর্ঘদিন পালাতক থাকায় ওয়ারেন্ট মূলে সোমবার সকালে বরিশাল শহর থেকে গ্রেপ্তার করে বিকেল ৪টার সময় দশমিনা আদালতে পাঠানো হয়েছে।