বরগুনা প্রতিনিধি ।।
নামাজ পড়ার পরামর্শ দেওয়াকে কেন্দ্র করে লাঠি ভেঙে ফেলা, গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক বৃদ্ধ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বরগুনা সদর থানায় উপস্থিত হয়ে অভিযোগটি দায়ের করেন মাওলানা সোহরাব হোসেন।
অভিযুক্তের নাম মো. রব্বানী গাজী। তিনি পনু গাজীর ছেলে এবং অভিযোগকারী মাওলানা সোহরাব হোসেনের মেয়ের ঘরের নাতনি জামাই।
অভিযোগ সূত্রে জানা যায়, মাওলানা সোহরাব হোসেন বরগুনা সদর থানাধীন লাকুরতলা সোনালীপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত রব্বানী গাজীও তার বাড়ির পাশেই বসবাস করেন।
লিখিত অভিযোগে সোহরাব হোসেন উল্লেখ করেন, গত ১২ নভেম্বর দুপুর ১২টার দিকে ধর্মীয় অনুশাসনের প্রতি শ্রদ্ধা রেখে তিনি রব্বানী গাজীকে নামাজ পড়ার পরামর্শ দেন। এতে ক্ষিপ্ত হয়ে রব্বানী তার হাতের লাঠি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, বার্ধক্যের কারণে সোহরাব হোসেনের স্বাভাবিকভাবে চলাফেরা করতে কষ্ট হয়। এমন পরিস্থিতিতে তার চলাচলের অবলম্বন লাঠিটি ভেঙে ফেলায় তিনি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। এ ছাড়া অভিযুক্তের কাছ থেকে যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। পথে-ঘাটে গালাগাল ও অকথ্য ভাষায় কথা বলার কারণেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেছেন।
এ ঘটনায় আইনি সহায়তা চেয়ে বরগুনা সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মাওলানা সোহরাব হোসেন। স্থানীয় বাসিন্দারাও ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, ‘ভুক্তভোগী মাওলানা সোহরাব হোসেন থানায় উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’