Loading Now

দুমকিতে পিকআপ চাপায় পথচারী নিহত

পটুয়াখালী প্রতিনিধি ।।

পটুয়াখালীর দুমকি-বাউফল সড়কে বেপরোয়া মালবাহী পিকআপের চাপায় মোঃ হারুন অর রশীদ খান (৭০) নামে এক পথচারী নিহত হয়েছেন। একই ঘটনায় মজিবুর রহমান (৪০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে দুমকি উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কের পাশে হাঁটার সময় পেছন থেকে দ্রুতগতির একটি পিকআপ হারুন অর রশীদ খানকে চাপা দেয়। এ সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় পিকআপের সামনের আসনে থাকা মজিবুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিহত হারুন অর রশীদ খান একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার ছিলেন। তার বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামে। তিনি দুমকি উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ডলি আক্তারের স্বামী। আহত মজিবুর রহমান একজন গার্মেন্টসকর্মী। তিনি ঢাকা থেকে মালামাল নিয়ে বাউফল উপজেলার নওয়ালা গ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যায়। এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পিকআপটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Post Comment

YOU MAY HAVE MISSED