Loading Now

নলছিটিতে ছেলের নির্যাতনে ঘরছাড়া ৮৫ বছরের বৃদ্ধা মা

নলছিটি প্রতিনিধি ।।

ঝালকাঠির নলছিটিতে ছেলের শারী‌রিক ও মান‌সিক নির্যাতনে ঘরছাড়া হওয়ার অভিযোগ করেছেন হাজেরা বিবি (৮৫) নামে এক বৃদ্ধা মা। এ ঘটনায় তিনি নলছিটি থানায় লিখিত অভিযোগ করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার শীতলপাড়া গ্রা‌মের বাসিন্দা হাজেরা বিবির স্বামী সোবাহান হাওলাদার ১৭ বছর আগে মারা যান। এরপর থেকে তিনি স্বামীর ঘ‌রেই বসবাস করে আসছিলেন। তাদের দুই ছেলে ও চার মেয়ে রয়েছে। মেয়েদের বিয়ে দেওয়া হয়েছে। ছেলেরা বাবার সম্পত্তির ভাগ নিয়ে আলাদা হয়ে গেছে।

‎বৃদ্ধা হাজেরা বিবি বলেন, আমার ছোট ছেলে খলিল (৩৫) দীর্ঘদিন ধরে আমাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। সে বিভিন্ন সময় আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে। গত (১০ এপ্রিল) রাত ১০টার দিকে খলিল গালাগাল করে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দেয়।

মে‌য়ে নাজমা বেগম ব‌লেন, আমা‌দের সবার ছোট ভাই খ‌লিল। কিন্তু খ‌লিল প্রতি‌নিয়ত মা‌কে অশ্লীল ভাষায় গালাগা‌ল ক‌রে। খ‌লি‌লের ছে‌লেসহ মা‌কে শারী‌রিক নির্যাতন ক‌রে ঘর থে‌কে বের ক‌রে দেয়।

স্থানীয়রা জানান, বৃদ্ধা হাজেরা বিবিকে দুই ছেলের কেউই দেখভাল করতে চায় না। গত কয়েক দিন আগে রাতে তাকে ঘর থেকে বের করে দিয়েছে। বর্তমানে অসহায় অবস্থায় থাকা হাজেরা বিবির নিরাপত্তার বিষয়টি এখন স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। হা‌জেরা বি‌বি এখন প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জীবনের শেষ দিনগুলো শান্তিতে কাটানোর জন্য আইনি সুরক্ষা ও সহযোগিতা চেয়েছেন। তার স্বামীর ঘরে বসবাসের অধিকার নিশ্চিত করতে প্রশাসনের কাছে আইনগত সহায়তা কামনা করেছেন।

‎অভিযুক্ত খলিল হাওলাদারেকে মুঠোফোনে কল দিলে রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

নলছিটি থানার উপপরিদর্শক মো. নাজমুল হুদা বলেন, অভিযোগ পাওয়ার পরে বৃদ্ধা হাজেরা বিবিকে নিয়ে তাদের বাড়িতে গেলে তার দুই ছেলের কেউই দরজা খোলেনি। মায়ের জন্য ছেলেরা কেউ সুবিধাজনক নয় বলে মনে হচ্ছে।

আগামী শুক্রবার এলাকার ব্যক্তিদের নিয়ে ছেলেরা সালিশ করবেন বলে থানায় জানিয়েছেন।

Post Comment

YOU MAY HAVE MISSED