নিজস্ব প্রতিবেদক ।।
স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়নসহ ৬ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। দাবির সঙ্গে একমত পোষন করে কর্মবিরতির ঘোষণা দিয়েছে হাসপাতালে মিড লেভেলের চিকিৎসকরাও।
সোমবার (৮ জুন) বেলা ১২টার পরে মিড লেভেলের চিকিৎসকরা এ ঘোষণা দেন। এর আগে ৬ দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, নতুন পে-স্কেলের সঙ্গে মিল রেখে ইন্টার্ন চিকিৎসকদের ন্যূনতম বেতন ২০ থেকে ৩০ হাজার টাকায় উন্নীত করতে হবে। পাশাপাশি স্বাস্থ্য কর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন, বিএমইউ, বিসিপিএস পরীক্ষার ফি কমিয়ে ১ হাজার টাকার মধ্যে আনতে হবে, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করাসহ ৬ দফা দাবি জানান তারা।
এ দাবি দ্রুত সময়ে মেনে নেয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের সেবা কার্যক্রম চলমান রয়েছে। তবে রোগীদের কাঙ্ক্ষিত সেবা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে।