নিজস্ব প্রতিবেদক ।।
গণতন্ত্র, অধিকার, ন্যায়বিচার ও সমতা প্রতিষ্ঠার দাবিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’ কর্মসূচির ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ১৭ জুলাই (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিতব্য এ কর্মসূচিকে ঘিরে উপজেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, ১৭ জুলাই বিকেল ৫টায় বাবুগঞ্জ কলেজ মোড় সংলগ্ন মডেল স্কুলের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। পরে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে দলের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা অংশ নেবেন।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, গণতন্ত্র, অধিকার, ন্যায়বিচার ও সমতা’ প্রতিষ্ঠার আহ্বানকে সামনে রেখে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। একই সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার, সুশাসন এবং রাষ্ট্র সংস্কারের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে সমাবেশে।
কর্মসূচিতে প্রধান অতিথি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং বিশেষ অতিথি থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়াও থাকবেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলা ও বাবুগঞ্জ উপজেলা শাখার নেতারা।
এনসিপির বাবুগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব গোলাম কিবরিয়া সৌরভ বলেন, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
সৌরভ বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যাশায় সচেতন নাগরিকদের অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ গণসমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে উপজেলা জুড়ে প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় নেতারা আশা প্রকাশ করে বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ‘জুলাই জাগরণ ও পদযাত্রা’য় বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের অংশগ্রহণ ঘটবে। এ কর্মসূচির মাধ্যমে জনগণের প্রত্যাশা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ন্যায়বিচার এবং সমতার বার্তা আরও জোরালোভাবে তুলে ধরা হবে বলে জানান নেতারা।