নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা, ধারালো অস্ত্র ও নগদ টাকাসহ তিনজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে চিহ্নিত মাদক কারবারি এবং অপর দুজনকে মাদকসেবী ও ক্রেতা হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
রোববার রাত সোয়া ১১টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর ১ নম্বর গলিতে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন—পলাশপুর এলাকার সুমন ওরফে মান্না সুমন, মো. রুহুল সিকদার ও সামির খান।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জহিরুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুর কলোনিতে অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবন ও বেচাকেনার অভিযোগে মান্না সুমনসহ তিনজনকে আটক করা হয়। পরে মান্না সুমনের ঘরে তল্লাশি চালিয়ে ছয় পিস ইয়াবা, একটি চাকু, একটি চায়নিজ কুড়াল এবং মাদক বিক্রির নগদ ২৫ হাজার ৫৫০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।
ওসি মুহাম্মদ জহিরুল ইসলাম জানান, আটক মান্না সুমনের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ সোমবার তাদের আদালতে সোপর্দ করা হবে।