শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
এতিম লামিয়ার বিয়েতে শতাধিক ‘ভিআইপি অতিথি’ গৌরনদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক বরগুনায় সাঁকো পার হতে গিয়ে খালে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু ঝালকাঠিতে আগুনে ভস্মীভূত ৮ দোকান, ক্ষতি ২৯ লাখ টাকা ববিতে আবারও র‍্যাগিংয়ের অভিযোগ, নবীন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে হাসপাতালে বরিশালে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার রোধে কমিউনিটি ডায়ালগ গলাচিপায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫০ বরিশালের স্বাস্থ্যখাত : চিকিৎসক-জনবল-ওষুধ সংকটে বেহাল দশা! বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ বেলায়েত হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত: স্মরণসভায় বিশিষ্টজনদের শ্রদ্ধা ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭

বরিশালে হলুদ অটো চলাচলে আসছে কঠোর নির্দেশনা!

/ ১০৬ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ॥

নগরীতে চলাচলকারী ব্যাটারিচালিত হলুদ অটোর ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের পথে এগোচ্ছে বরিশাল সিটি করপোরেশন। পূর্বের নিবন্ধিত যানবাহনের লাইসেন্স নবায়নের জন্য সময়সীমা বেধে দিয়ে সিটি করপোরেশন জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে সংশ্লিষ্ট তিনচাকা যানবাহনের নিবন্ধন বাতিল করা হবে। পরবর্তী সময়ে নতুন করে নিবন্ধনের মাধ্যমে নগরীতে চলাচলকারী ইজিবাইক ও অটোরিকশার সংখ্যা নিয়ন্ত্রণে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এসব যানবাহনের মধ্যে সিএনজি এবং হলুদ অটোই প্রধান্য বেশি। যদিও নগরবাসীর দাবী-আগের সব নিবন্ধন বাতিল করে নতুনভাবে যাচাই-বাছাই করে নিবন্ধন নিশ্চিত করতে। কেননা ইতিমধ্যে নিবন্ধনকৃত অনেক যানবাহন নষ্ট বা হারিয়ে গেছে। আবার অনেকক্ষেত্রে মালিকই আর বেঁচে নেই। এমন পরিস্থিতিতে নিবন্ধন গণনা হলেও যানবাহনের অস্তিত্ব নেই।
গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের জারি করা এক নোটিশে নিবন্ধিত ব্যাটারিচালিত হলুদ অটোরিকশার মালিক ও চালকদের দ্রুত লাইসেন্স নবায়নের আহ্বান জানানো হয়েছে। নোটিশে বলা হয়, ২০২৬-২৭ অর্থবছরের লাইসেন্স নবায়ন কার্যক্রম বর্তমানে চলমান। যেসব লাইসেন্সগ্রহীতা এখনো লাইসেন্স নবায়ন করেননি, তাঁদের বকেয়া ফি পরিশোধ করে দ্রুত লাইসেন্স নবায়ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ইজিবাইক ও অটোরিকশা জব্দ করা হবে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানিয়েছেন, পূর্বে নিবন্ধিত প্রায় ৭ হাজার ৬০০টি যানবাহনের জন্যই বর্তমান নবায়ন প্রক্রিয়া চলছে। নির্ধারিত সময়ের মধ্যে যেসব যানবাহনের লাইসেন্স নবায়ন হবে না, সেগুলোর নিবন্ধন বাতিল করা হবে। এরপর নতুন করে নিবন্ধন যুক্ত করার পর নগরীতে চলাচলকারী ইজিবাইক ও অটোরিকশার ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে।

সিটি করপোরেশনের এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন বরিশাল নগরীতে অনুমোদিত যানবাহনের তুলনায় বাস্তবে চলাচলকারী থ্রি-হুইলারের সংখ্যা কয়েকগুণ বেশি। ৫৮ বর্গকিলোমিটার আয়তনের নগরীতে সিটি করপোরেশন ও বিআরটিএ মিলিয়ে লাইসেন্সপ্রাপ্ত ও নিবন্ধিত যানবাহনের সংখ্যা প্রায় ১২ হাজার ৬২০টি। এর মধ্যে সিটি করপোরেশনের নিজস্ব লাইসেন্স শাখায় নিবন্ধিত যানবাহন প্রায় ৭ হাজার ৬২০টি। আর বিআরটিএর নিবন্ধিত যানবাহন প্রায় ৫ হাজার।

কিন্তু নগরীর বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সংশ্লিষ্টদের হিসাবে, বরিশাল মহানগরীতে প্রতিদিন চলাচল করছে প্রায় ২৫ হাজারের বেশি থ্রি-হুইলার, ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোরিকশা। কোনো কোনো হিসাবে এ সংখ্যা ৩০ হাজারের কাছাকাছি। অর্থাৎ কাগজে-কলমে নিবন্ধিত মোট যানবাহনের সংখ্যার তুলনায় নগরীর সড়কে চলাচলকারী থ্রি-হুইলারের সংখ্যা অনেক বেশি। ফলে প্রশ্ন উঠেছে, অনুমোদিত সংখ্যার চেয়ে এত বেশি যানবাহন নগরীর সড়কে কীভাবে চলাচল করছে এবং দীর্ঘদিন ধরে এসব যানবাহনের নিয়ন্ত্রণ কার্যকরভাবে কেন সম্ভব হয়নি? নগরবাসীর অভিযোগ, অতিরিক্ত ইজিবাইক ও অটোরিকশার কারণে প্রতিদিন নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোতে যানজট সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে যত্রতত্র যাত্রী ওঠানামা, বেপরোয়া চলাচল, একাধিক যানবাহনের পাশাপাশি চলা এবং ট্রাফিক আইন না মানার কারণে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

নগরবাসীর বড় একটি অংশের যাতায়াতের প্রধান মাধ্যম ইজিবাইক ও অটোরিকশা। স্বল্প আয়ের মানুষের জন্য এসব যানবাহনের প্রয়োজনীয়তা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু প্রয়োজনের তুলনায় নিয়ন্ত্রণহীন বিস্তার এখন নগর ব্যবস্থাপনার জন্য বড় সংকট তৈরি করেছে। একটি নির্দিষ্ট সড়কব্যবস্থার ওপর সিমাহীন সংখ্যক থ্রি-হুইলার চলাচল করায় যানজট যেমন বাড়ছে, তেমনি সড়কে শৃঙ্খলা ফেরানোও কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে নগরীর বাংলা বাজারের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে, চৌমাথা, সাগরদি বাজার ও নতুন বাজার এলাকায় এই যানজট দিনকে দিন অসহনীয় হয়ে উঠেছে বলে নগরবাসীর অভিযোগ।

আবার নগরীতে চলাচলকারী ইজিবাইক চালকদের একটি অংশ বলছেন, সিটি করপোরেশনের নিবন্ধন প্রক্রিয়া স্বচ্ছ নয়। অনেক গাড়ি ইতিপূর্বেই বন্ধ বা মালিক মারা যাওয়ার পর অন্যের নামে চলছে। আগের নিবন্ধন বাতিল করে নতুন ভাবে নিবন্ধন দেওয়ার দাবী করেন একাধিক ইজিবাইক চালক। নগরবাসীর অনেকেই তাদের সাথে সহমত পোষণ করে বলেছেন, আগের নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা ছিলো। তাই যাচাই-বাছাই করে নতুনভাবে নিবন্ধন হওয়া যৌক্তিক হবে।
অন্যদিকে এই ইজিবাইক ও অটোরিকশা চালকদের বিআরটিএর অনুমোদনসহ বৈধতা দিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বাসদ নেত্রী ডা: মনীষা চক্রবর্তী।

সিটি করপোরেশনের বর্তমান উদ্যোগে তাই নতুন করে আলোচনায় এসেছে দীর্ঘদিনের এই প্রশ্ন- বরিশাল নগরীতে আসলে কতটি ইজিবাইক ও অটোরিকশার প্রয়োজন এবং কতটি যানবাহন নগরীর সড়ক ধারণ করতে সক্ষম?

নগর চিন্তাবিদ কাজী মিজানুর রহমান বলেন-চলাচলকারী ইজিবাইক ও অটোরিকশা নিয়ন্ত্রণ করতে হলে আগের সব নিবন্ধন বাতিল করে নতুনভাবে নিবন্ধন করাই যৌক্তিক হবে। এতে করে বিতর্ক মুক্ত থাকাও সহজ হবে নগর প্রশাসক শিরীনের জন্য।
আবার ইজিবাইক ভ্যান ও অটোরিকশা মালিক সমিতির নেতারা কেউ কেউ বলছেন, প্রথম ধাপে পূর্বের নিবন্ধিত যানবাহনের প্রকৃত সংখ্যা নির্ধারণ এবং নবায়ন না করা যানবাহনের নিবন্ধন বাতিল করা হলে সড়কে চলাচলকারী বৈধ যানবাহনের একটি স্বচ্ছ তালিকা তৈরি হতে পারে। এরপর নতুন নিবন্ধনের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যা, রুট ও চলাচলের এলাকা নির্ধারণ করা হলে নগরীতে যানবাহন নিয়ন্ত্রণ সহজ হতে পারে।
তবে এর পাশাপাশি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে অনুমোদনহীন বা নিবন্ধনের বাইরে থাকা বিপুলসংখ্যক ইজিবাইক ও অটোরিকশা চিহ্নিত করা। কারণ শুধু নিবন্ধিত যানবাহনের লাইসেন্স নবায়ন করলেই নগরীর সড়কে চলাচলকারী অতিরিক্ত যানবাহনের সমস্যার সমাধান হবে না। মাঠপর্যায়ে অভিযান চালিয়ে নিবন্ধনবিহীন যানবাহন চিহ্নিত ও নিয়ন্ত্রণ করাটা খুবই কঠিন কাজ বলে মনে করেন অনেকেই।

এদিকে সিটি করপোরেশনের নোটিশে মোবাইল কোর্ট পরিচালনা ও অটোরিকশা জব্দের যে সতর্কতা দেওয়া হয়েছে, তা বাস্তবে কতটা কার্যকর হয়- সেদিকেও নজর থাকবে নগরবাসীর।

কারণ বরিশাল নগরীতে অনুমোদিত যানবাহনের সংখ্যা যদি প্রায় ১২ হাজার ৬২০টি হয়, অথচ রাস্তায় চলাচল করে তার দ্বিগুণেরও বেশি থ্রি-হুইলার, তাহলে শুধু যানজট নয়, নগরীর সামগ্রিক পরিবহন ব্যবস্থাপনার সক্ষমতা নিয়েও প্রশ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com