শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
Logo

বরিশালে ২০ হাজার মিটার অবৈধ জাল বিনষ্ট, ৪ জনকে জরিমানা

/ ৮৬ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা, আড়িয়াল খাঁ ও কালাবদর নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ অভিযানকালে ৪টি মামলায় চারজনকে ৪০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

শনিবার বিকেলে থেকে রাত ৯টা পর্যন্ত বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদ-নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সরকারের পূর্বঘোষণা অনুযায়ী, ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময়ে এসব কার্যক্রম দণ্ডনীয় অপরাধ।

মা ইলিশ সংরক্ষণে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় চারজনের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন এবং বরিশালের ব্যাটালিয়ন আনসার সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা সুলতানা বাসসকে বলেন, মা ইলিশ সংরক্ষণে জেলেদের আগামী ২৯ অক্টোবর পর্যন্ত নদ-নদীতে সব ধরনের মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বান জানান।

তিনি বলেন, মা ইলিশ সংরক্ষণকালীন সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে। সতর্ক করার পরও কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য অফিস জানিয়েছে, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে নদ-নদীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com