বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
Logo

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

/ ২৫ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন নিয়ন্ত্রণ এবং শহরের খাল ও জলাশয় দূষণ, দখল ও ভরাট রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১০ জুন) বিকেলে নগর ভবনের সভা কক্ষে ‘বরিশালের পরিবেশ প্রতিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ’-এর আয়োজনে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
নগরীর পরিবেশগত বিপর্যয় রোধে তিনি উপস্থিত নাগরিক প্রতিনিধিদের বিভিন্ন পরামর্শ মনোযোগ দিয়ে শোনেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় বক্তারা নগরীর অস্তিত্ব রক্ষায় খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং পরিবেশ রক্ষায় দীর্ঘমেয়াদী পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।

এসময় বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির এবং নির্বাহী প্রকৌশলী মো. মকসুমুল হাকিম রেজা উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. সফিক ও মো. গোলাম কিবরিয়া। এছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (DPHE) নকশাকার মো. পারভেজ খান, সেইন্ট বাংলাদেশের পরিচালক জাহাঙ্গীর কবির, পরিবেশ আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দীন মানিক (বীর প্রতীক), বেলার বিভাগীয় সমন্বয়কারী লিংকন বাইন এবং সবুজ আন্দোলনের আহ্বায়ক কাজী মিজানুর রহমানসহ নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকবৃন্দ সভায় অংশ নেন।

বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ ও জলাশয় ভরাটের ফলে বরিশাল শহর আজ পরিবেশগত সংকটের মুখে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া এবং অপরিকল্পিত বর্জ্য অপসারণ ব্যবস্থা নগরবাসীকে চরম ঝুঁকির মধ্যে ফেলেছে। এই সংকট উত্তরণে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও নাগরিক সমাজের সম্মিলিত ও জোরালো ভূমিকার কোনো বিকল্প নেই।

প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত সকলের মতামত গুরুত্বের সাথে বিবেচনা করে বরিশালকে একটি পরিবেশবান্ধব ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com