নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের বাবুগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষিকা রেহেনা বেগম নিহতের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্ত বাসচালক মোঃ মাহফুজুর রহমান রাজু (৩২)-কে গ্রেফতার করেছে এসআরবি-০৮, বরিশাল এর একটি আভিযানিক দল।
মামলার এজাহারের বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ মাহফুজুর রহমান রাজু (৩২), পিতা—মোঃ মতিউর রহমান, সাং—গাজীবাড়ী মৈশানী, থানা—নেছারাবাদ, জেলা—পিরোজপুর পেশায় একজন বাসচালক। গত ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বরিশালের বাবুগঞ্জ থানাধীন রাকুদিয়া দাখিল মাদ্রাসার সামনে বরিশাল-ঢাকা মহাসড়ক পারাপারের সময় মাদ্রাসাটির শিক্ষিকা রেহেনা বেগম বরিশালগামী আহনাফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হন। বাসটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১২-৫৬২২। প্রত্যক্ষদর্শীরা আহত শিক্ষিকাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ মামুনুর রশীদ খান (৪৯) হাইওয়ে পুলিশের সহায়তায় বরিশালের বাবুগঞ্জ থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ১০৫ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ১৬, জিআর নম্বর ৬৩/২৬ এবং তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তকে গ্রেফতারের জন্য অধিনায়ক, এসআরবি-০৮, বরিশাল বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-০৮, সদর ও সিপিএসসি কোম্পানি, বরিশালের যৌথ আভিযানিক দল অভিযুক্তের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ঝালকাঠি জেলার সদর থানা এলাকা হতে অভিযুক্ত মোঃ মাহফুজুর রহমান @ রাজু (৩২)-কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।