বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :

মোবাইল সেলস সেন্টারে দুই দফায় প্রতারণা, দোকান মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

/ ১৭ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরিশালে নতুন মোবাইল ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রি করে প্রতারণা এবং পরে ভুল তথ্য দিয়ে আরেকটি মোবাইল সরবরাহ করার অভিযোগে এক মোবাইল দোকান মালিকের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) কোতয়ালী মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন বরিশাল নগরীর কাউনিয়া ব্রাঞ্চরোড এলাকার বাসিন্দা ইসরাত জাহান বন্যা (২৫)।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১২ জুলাই রাতে নগরীর সদর রোডের কাকলীর মোড়ে অবস্থিত মোবাইল সেলস সেন্টার থেকে দোকান মালিক মো. সজিবের কাছ থেকে একটি রিয়েল-মি-৭০ মোবাইল ফোন নতুন ও বক্সসহ কিনেন। বাসায় গিয়ে ফোনটি চালু করার পর সেটিতে পূর্ব থেকেই বিভিন্ন অ্যাপ ব্যবহৃত অবস্থায় দেখতে পেয়ে তার সন্দেহ হয়। পরে ১৪ জুলাই সকালে বরিশালের ফাতেমা সেন্টারের পঞ্চম তলায় অবস্থিত রিয়েলমি কাস্টমার কেয়ারে নিয়ে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে জানানো হয়, মোবাইলটি ১৬ জুন ২০২৬ তারিখ থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এরপর তিনি দোকানে গেলে দোকান মালিক নিজের ভুল স্বীকার করে অতিরিক্ত ৩ হাজার ৫০০ টাকা নিয়ে একটি ইনফিনিক্স মোবাইল ফোন দেন। তবে অভিযোগে বলা হয়, বিক্রির সময় ফোনটির র‌্যাম ৬ জিবি বলা হলেও বাসায় গিয়ে দেখা যায় সেটি ৪ জিবি। বিষয়টি নিয়ে পুনরায় দোকানে গেলে দোকান মালিক তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সন্তোষজনক কোনো সমাধান দেননি। অভিযোগে আরও বলা হয়েছে, ঘটনার পর আশপাশের কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, অভিযুক্তের বিরুদ্ধে মোবাইল ব্যবসার আড়ালে সন্দেহজনক উৎস (চোরাই) থেকে মোবাইল সংগ্রহ করে নতুন হিসেবে বিক্রির অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে তিনি তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের অনুরোধ জানিয়েছেন।

ভুক্তভোগী অভিযোগে অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, মিথ্যা তথ্য প্রদান, আর্থিক ক্ষতিসাধন ও দুর্ব্যবহারের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ, দোকানের বিক্রয় রেকর্ড, আইএমইআই নম্বর এবং মোবাইলগুলোর বৈধ উৎস তদন্তের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ডিউটি অফিসার আশুতোষ অভিযোগ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগের বিষয়ে আগামীকাল ১৫ জুলাই তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মো. সজিবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com