নিজস্ব প্রতিবেদক ।।
ঝালকাঠির সদর ও নলছিটি উপজেলার সুগন্ধা নদীর ভাঙনকবলিত বিভিন্ন এলাকার নদীতীর সংরক্ষণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার পোনাবালিয়া এলাকায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী এ.কে.এম. নিলয় পাশার সভাপতিত্বে অনুষ্ঠানে জানানো হয়, প্যাকেজ নং JHAL/W-39/2025-26 এর আওতায় সদর ও নলছিটি উপজেলার সুগন্ধা নদীর ভাঙনপ্রবণ বিভিন্ন এলাকায় নদীতীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের মাধ্যমে নদীভাঙন রোধের পাশাপাশি স্থানীয় জনপদ, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা সুরক্ষিত হবে বলে আশা প্রকাশ করা হয়।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে, এই মেগা প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে সুচারুভাবে সম্পন্ন হলে সুগন্ধা নদীর আগ্রাসী ভাঙন থেকে স্থানীয় ঘনবসতিপূর্ণ জনপদ, হাজার হাজার একর কৃষিজমি, হাট-বাজার, স্কুল-কলেজ, মসজিদসহ অসংখ্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা চিরতরে সুরক্ষিত হবে। দীর্ঘদিনের ভাঙন আতঙ্কে থাকা সুগন্ধাপাড়ের সাধারণ মানুষ এই প্রকল্প শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।