সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
Logo

পিরোজপুরে জোড়া খুন, আতঙ্কিত সাধারণ মানুষ

/ ২২ বার পড়া হয়েছে
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় একই দিনে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে ওই এলাকা থেকে এক ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন। জোড়া হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

নিহতরা হলেন উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাগর হাওলাদার (৪০) ও আবদুর রশিদ বেপারী (৪৫)। নিখোঁজ ব্যক্তি একই এলাকার ব্যবসায়ী ইউসুফ পেয়াদা (৪৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক সাগর হাওলাদার শনিবার (৩০ মে) বিকেলে ভাড়ায় মোটরসাইকেল চালানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গভীর রাতে পরিবারের সদস্যরা বাড়ির পেছনে তার মরদেহ দেখতে পান। অন্যদিকে কৃষক আবদুর রশিদ বেপারী রাত ১১টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। রোববার (৩১) সকালে নেহালিয়া এলাকার একটি মাদ্রাসা সংলগ্ন মক্তবখানার বারান্দা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে একই রাতে ব্যবসায়ী ইউসুফ পেয়াদা নিখোঁজ হন। পরিবারের দাবি, বিকেলে স্ত্রীর সঙ্গে তার শেষবার মোবাইলে কথা হয়েছিল। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এলাকাবাসী জানান, আব্দুর রশিদ ও সাগর উভয়ই তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন। হঠাৎ দুই জনের মৃত্যুতে ওই এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। স্থানীয়রা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পার্থ চক্রবর্তী (পিপিএম) বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে নিখোঁজ ব্যবসায়ীকে উদ্ধারে এবং জোড়া খুনের রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com