বরগুনা প্রতিনিধি ।।
বরগুনার পাথরঘাটায় খালের ওপরের একটি সাঁকো ভেঙে পানিতে পড়ে জামিলা নামে এক চতুর্থ শ্রেণির স্কুলছাত্রী নিহত হয়েছে। মাছ ধরতে বর্তমানে নেটওয়ার্কের বাইরে বঙ্গোপসাগরে অবস্থান করা বাবাকে মেয়ের মৃত্যুর খবর এখনও জানাতে পারেনি তার পরিবার।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত জামিলা (১০) ওই এলাকার জেলে জামাল হাওলাদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জামিলা পার্শ্ববর্তী একটি বাড়িতে প্রাইভেট পড়তে যায়। পড়া শেষে বাড়ি ফেরার পথে বাড়ির পেছনে খালের ওপর থাকা সাঁকো দিয়ে পার হওয়ার সময় হঠাৎ সেটি ভেঙে সে খালের পানিতে পড়ে যায়।
বিষয়টি পাশের বাড়ির এক নারী টের পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে প্রায় ২০ মিনিট খোঁজাখুঁজি করে জামিলাকে খাল থেকে উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে এর থেকেও হৃদয়বিদারক বিষয় হলো মেয়েকে হারানোর খবরটি এখনও জানেন না তার বাবা। জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়ায় নেটওয়ার্কের বাইরে থাকায় তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবারের সদস্যরা।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেহেদী হাসান বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে।’