সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
Logo

আগৈলঝাড়ায় পৃথক অভিযানে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪

/ ১৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

আগৈলঝাড়া প্রতিনিধি ।।

বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা-পুলিশ।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, শনিবার রাতে উপজেলার সেরাল চৌরাস্তা ও আশপাশের এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার বরিয়ালী গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৫) এবং একই গ্রামের আফজাল সন্যামতের ছেলে হৃদয় সন্যামতকে (২৫) ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পরে ওই অভিযান শেষে ফেরার পথে সন্দেহজনকভাবে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আরও দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবুল কালাম হাওলাদারের ছেলে মেহেদী হাসান (৩৫) এবং ঝালকাঠির রাজাপুর থানার হাইলাকাঠী গ্রামের মৃত মোসলেম খানের ছেলে রাশেদ খান (৩৩)। এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রাতে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন এবং আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান ঘটনাস্থলে গিয়ে আটক চারজনকে জিজ্ঞাসাবাদ করেন।

পুলিশের জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান ও রাশেদ খান দাবি করেন, তাঁরা গৌরনদী উপজেলার টরকী এলাকার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত হিরা মাঝির কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা পাইকারি দামে কিনেছেন। পরে পুলিশের নজর এড়াতে গ্রাম্য সড়ক ব্যবহার করে মোটরসাইকেলযোগে আগৈলঝাড়ার সেরাল হয়ে বরিশাল শহরের দিকে যাচ্ছিলেন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। রোববার সকালে গ্রেপ্তার চার আসামিকে বরিশালের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com