রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
Logo

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে পাঠদান ও পরীক্ষায় ফিরছেন ববির শিক্ষকরা

/ ৩৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

পাঠদান ও পরীক্ষা কার্যক্রমে ফিরছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনরত শিক্ষক সমাজ।

সোমবার (৪ মে) থেকে শিক্ষা কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক।

তবে সব প্রশাসনিক কার্যক্রমে অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। পদোন্নতিসহ অন্যান্য দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গত ২২ এপ্রিল থেকে আমরণ অনশন, কর্মবিরতি, কমপ্লিট শাটডাউন ও অসহযোগ আন্দোলন কর্মসূচি পালন করছেন।

গত ৩০ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার ও ডিনদের একটি সভা হয়। সভায় চলমান সংকট সমাধানের আশ্বাস দিয়ে শিক্ষকদের কর্মসূচি পালন থেকে সরে এসে পাঠদান ও পরীক্ষা নেওয়ার আহ্বান জানানো হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, আমরা সোমবার থেকে পাঠদান ও পরীক্ষা নেওয়ার কার্যক্রমে ফিরছি। তবে ভিসি ও সব প্রশাসনিক কার্যক্রমে অসহযোগ আন্দোলন অব্যাহত থাকবে।

এটা আগামী ৮ মে পর্যন্ত ক্লাস ও পরীক্ষা নেওয়া কার্যক্রম থাকবে। ওই দিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সভা রয়েছে। সভায় যদি কোনো সিদ্ধান্ত না হয়, তাহলে ১০ মে থেকে নতুন করে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সংক্রান্ত সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে জানিয়েছে শিক্ষকরা। বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ উল্লেখ করে দেওয়া বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছেন, গত ৩০ এপ্রিল উপাচার্য, সিন্ডিকেট সদস্য, বরিশাল বিভাগীয় কমিশনার ও ডিনদের ত্রিপক্ষীয় সভার সিদ্ধান্তক্রমে আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান আইন, নীতিমালা ও চর্চা অনুযায়ী চলমান সংকট সমাধান করা হবে বলে আশ্বস্ত করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৩ মে শিক্ষকদের সাধারণ সভায় ৪ মে থেকে সব ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত হয়।

তবে উপাচার্যের সঙ্গে শিক্ষকদের চলমান অসহযোগ আন্দোলন সব প্রশাসনিক কার্যক্রমের ক্ষেত্রে অব্যাহত থাকবে। আগামী ৮ মে অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় চলমান সংকটের যথাযথ সমাধান না হলে, আগামী ১০ মে থেকে অসহযোগ আন্দোলনের পাশাপাশি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ আরো তীব্রতর আন্দোলন কর্মসূচি পালন করবেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com