অনলাইন ডেক্স ।।
কার্তিক মাসে এখন প্রকৃতি রয়েছে বেশ শান্ত। ধীরে ধীরে কমছে তাপমাত্রা, পড়ছে কুয়াশা। তবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বঙ্গোপসাগর। সৃষ্টি হয়েছে লঘুচাপ। এটি আরও শক্তিশালী হয়ে সাইক্লোনেও রূপ নিতে পারে। কাল রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে।
আজ শনিবার আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্ব-মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি আজ (২৪ অক্টোবর) সকাল ৬টায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এটি আরও পশ্চিম-উত্তর ও পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।
সতর্কবার্তায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
আবহাওয়া বিশেষজ্ঞরা অবশ্য মনে করছেন, নিম্নচাপটি যতই শক্তিশালী হোক না কেন, আপাতত এর গতিবিধিতে মনে হচ্ছে এটি ভারতের ওডিশা বা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ উত্তর-পশ্চিমাঞ্চলে বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ বজলুর রশীদ আজ শনিবার বেলা ১১টায় বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজ দুপুরের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। আগামীকাল রোববার এটি গভীর নিম্নচাপ থেকে সাইক্লোনে রূপ নিতে পারে।
সাইক্লোনে রূপ নিলে এটি কোথায় আঘাত হানবে জানতে চাইলে ড. মোহাম্মদ বজলুর রশীদ বলেন, আপাতত এটি ভারতের ওডিশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। এরপর বিহার-ঝাড়খন্ড হয়ে স্থল নিম্নচাপে রূপ নিতে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, ঢাকা, রাজশাহী, রংপুর অঞ্চলে কাল রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবশ্য সিলেট অঞ্চলে বৃষ্টি না-ও হতে পারে।
নিম্নচাপের প্রভাব কেটে গেলে সারা দেশে তাপমাত্রা আরও কমতে থাকবে জানিয়ে ড. বজলুর রশীদ বলেন, অক্টোবর মাস প্রায় শেষের দিকে। নভেম্বর মাস থেকে সারা দেশে শীত পড়তে থাকবে।