বরগুনা প্রতিনিধি ।।
বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নে নিখোঁজের একদিন পর শামীম নামে এক ব্যবসায়ীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার (৮ জুন) সকাল ১১টার দিকে উপজেলার বড় গৌরীচন্না বাজার সংলগ্ন খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন শামীম। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। সোমবার সকালে বাড়ির সামনের খালের পাড়ে রক্তের দাগ দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে খালে তল্লাশি চালিয়ে একটি মাথাবিহীন মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
প্রাথমিকভাবে উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ব্যবসায়ী শামীমের বলে ধারণা করছেন স্বজন ও স্থানীয়রা। তবে ময়নাতদন্ত ও অন্যান্য প্রক্রিয়া শেষে পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ।
খবর পেয়ে বরগুনা সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। পরে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।
স্বজনরা জানান, শামীম পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার সঙ্গে কারও কোনো বিরোধ ছিল কি না, সে বিষয়েও খোঁজখবর নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বরগুনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।