মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
Logo

নলছিটিতে নারী হত্যা মামলার প্রধান আসামি বরিশালে গ্রেফতার

/ ৪২ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

ঝালকাঠির নলছিটিতে বসতঘরে সিঁধ কেটে ঢুকে সুখি বেগম (৪৫) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। হত্যাকাণ্ডের প্রায় এক বছর দুই মাস পর গত রোববার বিকেলে বরিশাল নগরের কাউনিয়া এলাকা থেকে মো. হাসান হাওলাদার (২৮) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সোমবার সকালে এসআরবি-৮ বরিশালের মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার সাথী আক্তার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার হাসান হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের মো. মন্নান হাওলাদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত সুখি বেগমের স্বামী মো. মনির হাওলাদার নলছিটির দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাংসের ব্যবসা করতেন। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর রাত চারটা থেকে সকাল সাড়ে নয়টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁদের বসতঘরে সিঁধ কেটে প্রবেশ করে। এ সময় ঘরের ওয়ারড্রোবের ড্রয়ারে রাখা গরুর মাংস বিক্রির ৫ লাখ ৮০ হাজার টাকা চুরির চেষ্টা করে তারা।

এজাহারে আরও বলা হয়, দুর্বৃত্তদের একজনকে চিনে ফেলেন সুখি বেগম। বিষয়টি বুঝতে পেরে দুর্বৃত্তরা তাঁর গলায় মোবাইল ফোনের চার্জারের তার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে টাকা নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলছিটি থানায় হত্যা মামলা করেন।

এসআরবি-৮-এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মামলার তদন্তে পাওয়া প্রধান অভিযুক্ত হাসান হাওলাদারকে গ্রেপ্তারের জন্য তদন্তকারী কর্মকর্তা ব্যাটালিয়ন অধিনায়কের কাছে অধিযাচনপত্র পাঠান। এর পরিপ্রেক্ষিতে এসআরবি-৮ বরিশালের সিপিএসসি ও সদর কোম্পানির একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরের কাউনিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর হাসান হাওলাদারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নলছিটি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com