নলছিটি প্রতিনিধি ।।
ঝালকাঠির নলছিটিতে দুই কেজি গাঁজাসহ রাকিব হাসান সরদার (১৯) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৫ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া জিরো পয়েন্ট এলাকার অটোস্ট্যান্ডসংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিব হাসান সরদার দিনাজপুরের পার্বতীপুর থানার ঘনশ্যামপুর গ্রামের মৃত বাবলু সরদার ওরফে ধলা সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে নলছিটি থানা পুলিশ।
অভিযানের সময় অটোস্ট্যান্ডসংলগ্ন সড়কে সন্দেহজনকভাবে অবস্থান করা রাকিব হাসানকে আটক করে পুলিশ। পরে তার কাছে তল্লাশি চালিয়ে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা জব্দ করে রাকিবকে থানায় নেওয়া হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান সোহাগ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দপদপিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার মাদক জব্দ করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় গ্রেপ্তার রাকিব হাসান সরদারের বিরুদ্ধে নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের অবৈধ সরবরাহ ও বিস্তার রোধে নলছিটি উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।