নিজস্ব প্রতিবেদক ।।
বরিশালের বাকেরগঞ্জ থানার একটি চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. কালাম মোল্লা (৫৫)-কে গ্রেফতার করেছে এসআরবি।
৩ অক্টোবর শনিবার চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
৬ অক্টোবর মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু।
মামলার বিবরণ ও এসআরবি সূত্রে জানা যায়, আসামি কালাম মোল্লার বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় ২০০৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় (মামলা নম্বর: ৩১/১৯) গ্রেফতারী পরোয়ানা জারি ছিল। আদালতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। রায়ের পর থেকে কালাম মোল্লা পলাতক ছিলেন।
পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেফতারের লক্ষ্যে অধিনায়ক, এসআরবি-৮, বরিশাল বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই ধারাবাহিকতায় শনিবার এসআরবি-৮ (বরিশাল) ও এসআরবি-৭ (চট্টগ্রাম)-এর যৌথ আভিযানিক দল চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে কালাম মোল্লাকে গ্রেফতার করে।
এসআরবি-৮-এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার ওয়ালিদ হাসান মিঠু জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।