নিজস্ব প্রতিবেদক ।।
নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ও সমতাভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বানের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে একটি সচেতনতামূলক সাংবাদিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। সন্মেলনে নারী নির্যাতনের বিভিন্ন ধরন, সামাজিক দায়বদ্ধতা এবং সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্রের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সমগতি পরিচালিত প্রযুক্তি-সুবিধাপ্রাপ্ত লিঙ্গভিত্তিক সহিংসতা (Technology-Facilitated Gender-Based Violence—TFGBV) বিষয়ক জরিপের গুরুত্বপূর্ণ ফলাফলও তুলে ধরা হয়। জরিপে অংশ নেওয়া ১১৫ জনের মধ্যে ৬৩.৫ শতাংশ অনলাইন হয়রানির অভিজ্ঞতার কথা জানিয়েছেন। হয়রানির অভিজ্ঞতার প্রভাব হিসেবে ৬০.৫ শতাংশ মানসিক চাপ এবং ২৯.৬ শতাংশ লজ্জাবোধের কথা উল্লেখ করেছেন। অনলাইন হয়রানির ঘটনায় আইনি পদক্ষেপ না নেওয়ার কারণ হিসেবে ৬০.৬ শতাংশ উত্তরদাতা ঝামেলা এড়ানোর কথা এবং ৩৯.৪ শতাংশ সংশ্লিষ্ট আইন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কথা জানিয়েছেন।
জরিপে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সক্ষমতা বৃদ্ধির প্রয়োজনীয়তাও উঠে এসেছে। ৭৩.৯ শতাংশ উত্তরদাতা ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণে আগ্রহ প্রকাশ করেছেন। পাশাপাশি ৫১.৩ শতাংশ আইনি সহায়তা এবং ৪৭.৮ শতাংশ সচেতনতামূলক কর্মসূচির প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন সমগত ফাউন্ডার ও প্রিন্সিপাল ডিরেক্টর দিপু হাফিজুর রহমান। তাঁর বক্তব্যে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়টি গুরুত্ব পায়। তিনি নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমগতির চিফ অ্যাডভাইজার জোহরা মমতাজ সাকি, যুক্তরাষ্ট্রের ডেভেলপমেন্ট অর্গানাইজেশনাল কনসালট্যান্ট ক্রিস মিলার, চন্দ্রদ্বীপ ডেভেলপমেন্ট সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টর সামিয়া আলি অন্না, হ্যালো বরিশালের কো-ফাউন্ডার মো. সাইদুল ইসলাম, বিবিডিসির কো-অর্ডিনেটর জান্নাতুল মাওয়া অন্তরা এবং সমগতির প্রেসিডেন্ট নাজনিন সুলতানা।
আলোচনায় নারী নির্যাতনকে কেবল ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা হিসেবে না দেখে মানবাধিকার লঙ্ঘন ও সামাজিক বৈষম্যের অন্যতম প্রকাশ হিসেবে বিবেচনার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও অনলাইন—সব ক্ষেত্রেই নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে শুধু আইন প্রণয়ন নয়, আইনের যথাযথ প্রয়োগ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, ভুক্তভোগীদের নিরাপত্তা ও সহায়তা নিশ্চিত করা এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অনলাইন সহিংসতার শিকার ব্যক্তিদের জন্য সহজলভ্য অভিযোগ জানানোর ব্যবস্থা, আইনি সহায়তা এবং মানসিক স্বাস্থ্যসেবার সঙ্গে সংযোগ তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সম্মিলিত সামাজিক উদ্যোগ গড়ে তোলার আহ্বান জানানো হয়। একই সঙ্গে নারীর প্রতি সম্মান, সমমর্যাদা ও সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ, মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, সমগতির জরিপটি অনলাইনভিত্তিক স্বেচ্ছায় অংশগ্রহণমূলক পদ্ধতিতে পরিচালিত হয়েছে। এতে ১১৫ জন অংশগ্রহণকারীর অভিজ্ঞতা ও মতামত উঠে এসেছে। জরিপের ফলাফল অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা তুলে ধরে; এটি দেশের সামগ্রিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী পরিসংখ্যান হিসেবে বিবেচ্য নয়।
প্রতিবছর ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বিশ্বব্যাপী ১৬ দিনব্যাপী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।