পিরোজপুর প্রতিনিধি ।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর এক স্কুলছাত্রীর (১৬) বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাড়ির দক্ষিণ পাশে একটি পানক্ষেতের পাশের নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জুতার সূত্র ধরে খোঁজাখুঁজির একপর্যায়ে তার মরদেহের সন্ধান পান স্বজনরা।
নিহত স্কুলছাত্রী উপজেলার একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি মির্জাগঞ্জ উপজেলার ২ নম্বর মির্জাগঞ্জ ইউনিয়নে।
পরিবার সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় সে। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একপর্যায়ে জুতার সূত্র ধরে বাড়ির আশপাশে খোঁজ করতে গিয়ে পানক্ষেতের পাশে তার মরদেহ দেখতে পান। এসময় মরদেহের পাশে তার প্রবেশপত্রসহ বিভিন্ন শিক্ষাগত কাগজপত্র ও একটি ফাইল পড়ে ছিল।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, দুই দিন ধরে নিখোঁজ থাকার পর বাড়ির পাশ থেকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কী কারণে তার মৃত্যু হয়েছে, তা জানতে তদন্ত চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।