বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
Logo

শ্বশুরবাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যাকাণ্ড

/ ২০ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি ।।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় শাহাদাৎ হোসেন বাপ্পি (২৭) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার কানুয়া মহল্লা থেকে ওই যুবকের শ্বশুরবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত বাপ্পি উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামের শহিদ হাওলাদারের ছেলে। তিনি দুই সন্তানের জনক।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মৃত বাপ্পির স্ত্রী হাফিজা আক্তার মীম গার্মেন্টসের কাজের জন্য জর্দানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু স্বামী বাপ্পি ও তার পরিবার এতে রাজি ছিলেন না। এই পারিবারিক দ্বন্দ্বের জেরে মীম কিছুদিন আগে তার বাবার বাড়িতে চলে আসেন।

বাপ্পির পরিবারের দাবি, গত ১১ জুন মীম তার স্বামী বাপ্পিকে না জানিয়ে ঢাকায় গিয়ে একটি হোটেলে অবস্থান নেন। ওই সময় বাপ্পি মোবাইল ফোনে স্ত্রীর সঙ্গে রাগারাগি করেন। একপর্যায়ে ভিডিও কল দিলে মীম যে হোটেলরুমে ছিলেন, সেখানে এক পরপুরুষকে দেখতে পান বাপ্পি।

ওই ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যকার দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছায়। পরে গত ১৪ জুন মীম ঢাকা থেকে ভাণ্ডারিয়ার কানুয়ায় তার বাবার বাড়িতে ফিরে আসেন এবং মোবাইল ফোনে বাপ্পিকে সেখানে ডেকে নেন।

মৃত বাপ্পির স্ত্রী হাফিজা আক্তার মীম দাবি করেন, সোমবার দিবাগত রাতে খাবার শেষ করে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর রাত ১টার দিকে তারা ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে মীমের ঘুম ভাঙলে তিনি বাপ্পিকে খাটে না দেখে খুঁজতে শুরু করেন।

একপর্যায়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় বাপ্পিকে ঝুলতে দেখেন। মীমের ভাষ্য, তিনি একাই ওড়না কেটে বাপ্পির দেহ নিচে নামিয়ে খাটে রাখেন এবং পরে বাপ্পির পরিবারকে খবর দেন।

তবে বাপ্পির মা রুবী বেগম এই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তিনি অভিযোগ করেন, আমার ছেলেকে হত্যা করে গলায় ফাঁসের নাটক সাজানো হচ্ছে। পুত্রবধূ মীম উচ্ছৃঙ্খল জীবনযাপন করত এবং একাধিক পুরুষের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। ঘটনার দুই দিন আগেও সে ঢাকায় অন্য পুরুষের সঙ্গে হোটেলে ছিল, যা আমার ছেলে ভিডিও কলে দেখে ফেলে। এই ক্ষোভ থেকেই তারা আমার ছেলেকে মেরে ফেলেছে।

এদিকে খবর পেয়ে বাপ্পির মা রুবী বেগম মীমদের বাড়িতে এসে আহাজারি শুরু করলে একপর্যায়ে মীমের চাচাতো ভাই বেল্লাল হাওলাদার তাকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

ভাণ্ডারিয়া থানার ওসি (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও পুলিশি তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com