কাঠালিয়া প্রতিনিধি ॥
কাঠালিয়া উপজেলার দক্ষিণ আউড়া এলাকায় মসজিদের বিদ্যুতের তার চুরির ঘটনায় ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন মসজিদের খাদেম শামীম জমাদ্দার। চোরদের উদ্দেশ্যে মসজিদের মাইকে ‘সম্মানিত চোর ভাই’ বলে অনুরোধ জানানোয় বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে দক্ষিণ আউড়া সামিম হাওলাদারের বাড়ির মসজিদের বিদ্যুতের তার চুরি হয়। এতে মসজিদে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে আজান দেওয়া ও মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যার সৃষ্টি হয়।
পরে মসজিদের খাদেম শামীম জমাদ্দার নতুন করে অ্যালুমিনিয়ামের তার কিনে বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন। এরপর মসজিদের মাইকে তিনি চোরদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, “সম্মানিত চোর ভাইরা, অনেক কষ্ট করে এবার অ্যালুমিনিয়ামের তার লাগিয়েছি। দয়া করে এবার আর তার কেটে নিয়ে যাবেন না।”
শামীম জমাদ্দার জানান, ওই রাতে চারটি বাড়ির বিদ্যুতের তার কেটে নেয় চোর চক্র। পাশের চিশতিয়া দরবার শরীফের তার অ্যালুমিনিয়ামের হওয়ায় চোররা তা কেটে রেখে যায়। কিন্তু মসজিদের তার তামার হওয়ায় সেটি নিয়ে যায়।
স্থানীয় বাসিন্দা মজনু পঞ্চায়েত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মসজিদের তার চুরির পর খাদেমের এমন ব্যতিক্রমী ঘোষণায় এলাকায় আলোচনা চলছে।