শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে যশোরের শান্তার, বাড়ি ছেড়ে পালালেন প্রেমিক বরিশালে ৩২০০ পিস ইয়াবাসহ জুবায়ের গ্রেফতার নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে মিলল কিশোরের মরদেহ দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশেই আবেগঘন চিরকুট গৌরনদীত মুখোমুখি সংঘর্ষের পর বসতঘরে গিয়ে উল্টে পড়লো বাস, আহত ১০ উজিরপুরে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ বরিশাল শেবাচিম হাসপাতালে আগুন, আতঙ্কিত রোগী ও স্বজনরা সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ল বরিশালে অর্থনীতিতে বড় পরিবর্তন, বেড়েছে ৬২ শতাংশ প্রতিষ্ঠান জিয়াউল আহসানের বরিশালের বাড়ির নাম বদলে ‘খু’নি’র বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধ জনতা

সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ল

/ ৪১ বার পড়া হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

অনলাইন ডেক্স ।।

প্রতি লিটারে সয়াবিন তেলের দাম ৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অপরিবর্তিত আছে খোলা পাম তেলের দাম।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় ও দেশের সার্বিক সরবরাহ পরিস্থিতি বিবেচনায় তেলের দাম বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের ভোজ্যতেলের সার্বিক সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।

নতুন মূল্য অনুযায়ী, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের পক্ষ থেকে দেশে ভোজ্যতেলের বিদ্যমান মজুত পরিস্থিতি, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারদর, ঋণপত্র (এলসি) খোলা এবং আমদানির সামগ্রিক চিত্র তুলে ধরে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনের তথ্য এবং বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাজার পরিস্থিতি পর্যালোচনা করে সর্বসম্মতিক্রমে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত গৃহীত হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

সভায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ভোজ্যতেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে সয়াবিন ও পাম তেলের দাম বাড়লেও দেশের বাজারে মূল্য পুনঃসমন্বয় না হওয়ায় ভোজ্যতেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রাখা ক্রমেই চ্যালেঞ্জিং হয়ে উঠছে।

আসন্ন পবিত্র রমজানকে সামনে রেখে দেশে ভোজ্যতেলের পর্যাপ্ত মজুত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আন্তর্জাতিক বাজারদর ও বর্তমান আমদানি ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য পুনঃসমন্বয়ের দাবি জানায় সংগঠনটি।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি রোধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান নাসির উদ দৌলা, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com