বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
Logo

‘কথিত স্বামী’ সমালোচনার জবাব দিলেন ববি

/ ২০ বার পড়া হয়েছে
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

বিনোদন ডেক্স ।।

বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববিকে নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সম্প্রতি গ্রেফতার হওয়া চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী মির্জা আবুল বাশার মামুনকে কেন্দ্র করে এ সমালোচনা শুরু।

সেই ব্যবসায়ী ববির ‘কথিত স্বামী’ বলে সামাজিক মাধ্যম থেকে শুরু করে কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর এ বিতর্ক শুরু। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুলেছেন খোদ এ অভিনেত্রী। সোমবার (২২ জুন) বিকালে এফডিসি প্রাঙ্গণে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষোভ প্রকাশ করেন ইয়ামিন হক ববি।

তিনি বলেন, কথিত স্বামী বলা হচ্ছে— এটি টোটালি ফেক। শুরুতে এসব আমার গায়ে লাগেনি। কারণ আমি জানি, অনেক সময় না জেনেই নানা ধরনের কথা ছড়ানো হচ্ছে। কিন্তু আমার পরিবার তো আর এসব বোঝে না। তারা দেশের বাইরে থাকে। তারা যখন এসব খবর দেখে, তখন খুব কষ্ট পায়।

তিনি বলেন, আমার মা এসব দেখে অসুস্থ হয়ে পড়েছেন। তাকে বারবার বোঝাতে হচ্ছে যে এগুলো ভুয়া খবর। একজন সন্তানের জন্য এর চেয়ে কষ্টের আর কী হতে পারে?

ববি বলেন, পরিবার যখন অকারণে কষ্ট পায়, তখন বিষয়টি আর হালকাভাবে নেওয়া যায় না। আমার প্রশ্ন— বন্ধু বলা হয়নি, পরিচিত বলা হয়নি, সরাসরি স্বামী বলা হলো কেন? কার স্বার্থে এসব করা হচ্ছে?

ব্যক্তিজীবন নিয়ে আমাকে ঘিরে তেমন কোনো বিতর্ক নেই। হয়তো আলোচনায় আসার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। অভিনেত্রী বলেন, ওই কোম্পানির সঙ্গে আমার কোনো অফিশিয়াল সম্পর্ক নেই। যতটুকু ছিল, সেটি কাজের সম্পর্ক। কোনো অনুষ্ঠানে বা অফিসে গেলে শিল্পী হিসেবে সম্মান জানিয়ে ছবি তোলে, বসার ব্যবস্থা করে। সেই ছবিগুলো ব্যবহার করে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেন আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা।

গণমাধ্যমের দায়িত্বজ্ঞানহীন আচরণের কথা উল্লেখ করে তিনি বলেন, সংবাদে যা আসে, সবকিছু যে সত্য নয়, সেটা সবাই বুঝতে পারে না। সাংবাদিকতা একটি মহান পেশা। কিন্তু কিছু মানুষ এ পেশার নৈতিকতা ভুলে যাচ্ছেন। যাচাই ছাড়া খবর প্রকাশ করলে একজন মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনে কী প্রভাব পড়তে পারে, সেটি ভাবা উচিত।

মির্জা আবুল বাশার আমার স্বামী— এটা কেউ যদি প্রমাণ করতে পারে, তাহলে সে যা চাইবে, তাই দেব। কারণ এমন কোনো সম্পর্ক কখনো ছিল না। এই দাবির পক্ষে কারও কাছে কোনো প্রমাণও নেই।

উল্লেখ্য, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় চাকরি দেওয়া, ব্যবসায় বিনিয়োগ, গাড়ি কেনাবেচা এবং কুরবানির গরু কেনার নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে শুক্রবার (১৯ জুন) গভীর রাতে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে মির্জা আবুল বাশারকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

শনিবার (২০ জুন) মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার আল আমিন হোসাইন এ গ্রেফতারের তথ্যটি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com