বিনোদন ডেক্স ।।
আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নিয়ে হাত-পা বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন ‘প্রেশার কুকার’ সিনেমার নায়িকা স্নিগ্ধা চৌধুরী। এ ঘটনায় গতকাল রোববার রাতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে খিলক্ষেত থানায় একটি মামলা দায়ের করেছেন তিনি। বিষয়টি নিয়ে দেশের শোবিজ অঙ্গনে বইছে নিন্দার ঝড়।
‘প্রেশার কুকার’ সিনেমার নির্মাতা রায়হান রাফী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘সহিংসতা ও হয়রানির সমাজে কোনো স্থান নেই। স্নিগ্ধা চৌধুরীর অভিযোগগুলোর একটি ন্যায্য, স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন।’ তিনি আশা প্রকাশ করেন, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুরো সত্য ঘটনা সামনে আসবে। পাশাপাশি অপরাধীর বিরুদ্ধে সঠিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নায়িকাকে নির্যাতনের অভিযোগ
স্নিগ্ধার ভাষ্যমতে, আশিয়ান গ্রুপের চেয়ারম্যান তাঁকে ‘জেবা তাকিয়া’ নামের অন্য এক নারী মনে করে ক্ষিপ্ত হয়ে ওঠেন। সেই সময় ইমন পরিস্থিতি শান্ত না করে উল্টো স্নিগ্ধাকে ওই পরিচয় মেনে নেওয়ার জন্য ইশারা করেন। অভিনেত্রী জানান, জেবা তাকিয়া আশিয়ান গ্রুপের চেয়ারম্যানের সঙ্গে প্রতারণা করে বড় অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন। সেই ক্ষোভ থেকে স্নিগ্ধাকে শারীরিক নির্যাতন করেছেন।
স্নিগ্ধা বলেন, “আমি ওই রুমের মধ্যে একা। তাঁর যত লোকজন আছে সবাইকে বের করে দিয়েছে। আমার হাত-পা বেঁধেছে। ফোনটা ছুঁড়ে ফেলেছে। এরপর আমার গলা চেপে ধরেন। সেই রশি সম্পর্কে আমাকে বলেন, ‘এই রশি দিয়ে হাসিনা রাজাকারদের ফাঁসি দিয়েছে! তারেক রহমান আইসা আমার পায়ের কাছে পড়ে থাকে। হাসিনা আমার পায়ের কাছে পড়ে থাকে। সালাউদ্দিন আমার পায়ের কাছে পড়ে থাকে! তোর মতো মেয়ে মরলে আমার কিছু যায় না। আমি প্রতিদিন মাটি চাপা দিয়ে রাখি’।”
শরীরের আঘাতের চিহ্ন দেখিয়ে তিনি বলেন, ‘আমার বাবা-মা আমাকে জীবনে টোকা দেয়নি! আমার বাবা-মা জীবনে আমাকে একটু টোকা দেয় নাই। সে আমার চুল টেনে ধরে লাথি মেরেছে। এগুলো ফুলে ফুলে আছে। আমরা হয়তো উনার মতো এত বড় লোক না। কিন্তু আমি আমার বাপ-মায়ের কাছে রাজকন্যা!’
স্নিগ্ধা আরও অভিযোগ করেন, তাঁর ওপর গরম কফি ঢেলে দেওয়া ও চাকু দিয়ে মুখ কেটে দেওয়ার হুমকি দেওয়া হয়।