অনলাইন ডেক্স ।।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের ৪২ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রামুর সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুনইয়ং চাকমার ছেলে লেঠাইয়া চাকমা (৪১), নিওমং চাকমার ছেলে অং ক্য মং (৫০) ও অইমং চাকমার ছেলে চিং ক্য অং (৪০)।
কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, নিহত তিনজন পাহাড়ে খেতে কাজ করছিলেন। এ সময় স্থলমাইন বিস্ফোরণে চাকমা সম্প্রদায়ের এই তিনজন নিহত হন।
খবর পেয়ে মরদেহ উদ্ধারের উদ্দেশ্যে বিজিবির সদস্যরা কাজ করছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মিয়ানমারের রাখাইন রাজ্য-সংলগ্ন সীমান্তে পুঁতে রাখা মাইনে প্রায় সময় বিস্ফোরণের ঘটনা ঘটছে। ২০২৪ সালের ডিসেম্বর থেকে মিয়ানমারের সরকারি বাহিনীকে হটিয়ে আরাকান আর্মি রাখাইনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।