স্পোর্টস ডেক্স ।।
বিশ্বকাপের শেষ চারের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে মাঠের সবুজ ঘাসের লড়াই শুরু হওয়ার আগেই ফুটবল দুনিয়ায় তুমুল ঝড় তুলেছে এক ক্রীড়া জ্যোতিষীর করা চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী। তার দাবি নির্ধারিত সময় তো বটেই, অতিরিক্ত সময়েও মীমাংসা হবে না এই হাইভোল্টেজ ম্যাচের। ফাইনালে ওঠার টিকিট শেষ পর্যন্ত নির্ধারণ হবে স্নায়ুক্ষয়ী টাইব্রেকারে!
স্প্যানিশ ক্রীড়া দৈনিক ‘মার্কা’র এক প্রতিবেদনে উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। দক্ষিণ আমেরিকান ফুটবলে নিখুঁত গণনার জন্য বেশ পরিচিত মুখ জর্জিও আরমাস। এর আগে বোকা জুনিয়র্স, কোলো-কোলো, রেসিং ক্লাব কিংবা আর্জেন্টিনা জাতীয় দলকে নিয়ে তার করা বেশ কিছু ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় ফুটবল ভক্তদের মাঝে তাকে নিয়ে বেশ আগ্রহ রয়েছে। এবার আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচ নিয়ে করা তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) নিজের একটি পুরোনো পোস্টের কথা ভক্তদের মনে করিয়ে দিয়েছেন আরমাস। ২০২৫ সালের ২৮ জুনেই তিনি জানিয়েছিলেন, আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে পা রাখবে এবং গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজকে পেনাল্টি ঠেকানোর জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে।
সেই পুরোনো পোস্টটি শেয়ার করে আরমাস লিখেছেন,’ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। আমি তো অনেক আগেই বলেছিলাম! দিবুকে প্রস্তুত হতে বলো, আমরা টাইব্রেকারের দিকেই যাচ্ছি।’
ম্যাচের শেষ বাঁশি বাজার পর ঠিক কোন দল জয়ের উল্লাসে মাতবে, তা অবশ্য স্পষ্ট করে বলেননি এই জ্যোতিষী। তার মতে, দুই দলের শক্তিমত্তা ও সামর্থ্য এতটাই সমানে-সমান যে আগে থেকে বিজয়ী নির্ধারণ করা কঠিন।
তবে ম্যাচের ভাগ্য যা-ই হোক না কেন, আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে দারুণ এক সুখবর দিয়েছেন তিনি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা মেসির পা থেকে এই ম্যাচে জাদুকরী কিছু আসবে উল্লেখ করে আরমাস বলেন,’আমাদের লিওর ক্যারিয়ারের অন্যতম সেরা ম্যাচটি দেখার জন্য প্রস্তুত থাকা উচিত।’
আজ বুধবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টায় ফাইনালে ওঠার এই জমজমাট লড়াইয়ে নামছে দুই দল। এখন দেখার বিষয়, জ্যোতিষীর এই পেনাল্টি-ভবিষ্যদ্বাণী সত্যি হয় নাকি নির্ধারিত সময়ের মাঠের লড়াইতেই নিষ্পত্তি ঘটে এই মহারণের।