কেটি পেরির সঙ্গে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়

বিনোদন ডেক্স ।।

ফুটবল ইতিহাসের বৃহত্তম আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠতে যাচ্ছে আগামী জুনে। এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মার্কিন পপ তারকা কেটি পেরির সঙ্গে মঞ্চ মাতাবেন বাংলাদেশি-আমেরিকান জনপ্রিয় ডিজে সঞ্জয়।

এর মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক এই প্রতিভাবান সংগীতশিল্পী একই সঙ্গে যুক্তরাষ্ট্র এবং কানাডার উদ্বোধনী আয়োজনে পারফর্ম করার বিরল গৌরব অর্জন করবেন।

ফিফা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এবারের বিশ্বকাপের তিন আয়োজক দেশ—মেক্সিকো, কানাডা এবং যুক্তরাষ্ট্রে পৃথক তিনটি উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেক্সিকো: মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে গ্র্যামিজয়ী ব্যান্ড ‘মানা’, আলেজান্দ্রো ফার্নান্দেজ এবং বেলিন্ডা পারফর্ম করবেন। এই আয়োজনে দেশটির আদিবাসী সংস্কৃতি এবং আধুনিক লোকজ ঐতিহ্যের মেলবন্ধন ঘটানো হবে।

কানাডা: টরন্টোর বিএমও ফিল্ডে কানাডার প্রথম ম্যাচের আগে পারফর্ম করবেন অ্যালানিস মরিসেট, মাইকেল বুবলে, অ্যালেসিয়া কারা এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। কানাডার বৈচিত্র্য ফুটিয়ে তুলতে এখানে ট্রফির একটি ‘মোজাইক-অনুপ্রাণিত’ সংস্করণ প্রদর্শন করা হবে।

যুক্তরাষ্ট্র: লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে কেটি পেরি ও ডিজে সঞ্জয়ের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানটিকে ফিফা একটি ‘উচ্চ-শক্তির মহোৎসব’ হিসেবে অভিহিত করেছে, যা বিশ্বকাপের বিশালতা ও সাংস্কৃতিক শক্তির প্রতিফলন ঘটাবে।

লস অ্যাঞ্জেলেসে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয় দেব (সঞ্জয়)-এর এমন বিশ্বমঞ্চে অন্তর্ভুক্তি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক বড় প্রাপ্তি। এর আগে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করলেও বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে তার পারফরম্যান্স একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

ইতিহাসের বৃহত্তম বিশ্বকাপ ও রেকর্ড প্রাইজমানি

২০০২ সালের (দক্ষিণ কোরিয়া ও জাপান) পর এটি দ্বিতীয় বিশ্বকাপ যা একাধিক দেশ মিলে আয়োজন করছে। তবে এবারই প্রথম ৪৮টি দল অংশগ্রহণ করছে। এবারের আসরে রেকর্ড ৭২৭ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি দেওয়া হবে। প্রতিটি অংশগ্রহণকারী দল অন্তত সাড়ে ১০ মিলিয়ন মার্কিন ডলার পাবে। আর বিশ্বকাপজয়ী দল ঘরে তুলবে ৫০ মিলিয়ন ডলার।

বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *