সোমবার, ১৮ মে ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
Logo

মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-মেয়ের

/ ১২ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬

অনলাইন ডেক্স ।।

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দুই বছরের শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন মা তারিন আক্তার। এ ঘটনায় গুরুতর আহত শিশুটিও হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ৮টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত তারিন আক্তার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের একজন অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী ও দুই বছর বয়সি কন্যা ইয়াসাকে নিয়ে মোটরসাইকেলে করে ভাটিয়ারীর একটি মেলায় ঘুরতে গিয়েছিলেন তারিন আক্তার। রাতে বাসায় ফেরার সময় মোটরসাইকেলের মাঝখানে বসা শিশুটি অসাবধানতাবশত হঠাৎ সড়কে পড়ে যায়। সন্তানের এ বিপদ দেখে তাকে বাঁচাতে গিয়ে তারিন আক্তারও দ্রুত মোটরসাইকেল থেকে নিচে পড়ে যান।

এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তারিন আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় শিশুকন্যা ইয়াসাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, পরিবারের আনন্দঘন মুহূর্ত এক নিমিষেই পরিণত হয়েছে অসহনীয় ট্র্যাজেডিতে। পুলিশ জানায়, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com