বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
Logo

রোনালদোকে কখন ‘তুলতে হবে’, শিখতে হবে কোচকে

/ ৩৩ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

বাইশের পর ছাব্বিশ—চারবছর পরও ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে একই বিতর্ক। বিশ্বকাপ বা বড় কোনো টুর্নামেন্ট আসলেই পর্তুগিজ সুপারস্টারকে নিয়ে একটা কমন কথা আসে, ‘বাদ দাও রোনালদোকে’, বসিয়ে দাও। পশ্চিমে বসা বিশ্বকাপেও একই সুর!

কিন্তু এমন মহাতারকাকে বাদ দেওয়া কি যুক্তিযুক্ত? ফুটবল দেখেন এমন যে কেউ উত্তরে বলবেন, ‘এটা নিশ্চিতভাবে আত্মঘাতী’ সিদ্ধান্ত। বাদ নয়, বরং তাকে নির্দিষ্ট কিছু সময় খেলানো উচিত। আর কোচকে অবশ্যই বুঝতে হবে, ঠিক কতক্ষণ রোনালদোকে খেলানো উচিত।

বিশ্বকাপের নিজেদের উদ্বোধনী ম্যাচে ডিআর কঙ্গোর বিপক্ষে রোনালদো ছিলেন নিষ্প্রভ। পুরো ম্যাচে তিনটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেননি। প্রতিপক্ষের রক্ষণে ছিলেন বিচ্ছিন্ন, আর ৯০ মিনিট মাঠে থেকেও ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি। এরপরই সমালোচনা ওঠে, রোনালদো কেন পুরো সময় খেলল?

ঠিক একই সময়ে বিশ্বকাপের প্রথম রাউন্ডে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড, লামিনে ইয়ামাল, হ্যারি কেনের মতো তারকারা নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। সেখানে রোনালদোর পারফরম্যান্স ছিল হতাশাজনক।

তবুও পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ অধিনায়কের পক্ষেই কথা বলেছেন। তিনি বলেন, ‘গোল প্রয়োজন এমন ম্যাচে বিশ্বের সেরা গোলদাতাকে (রোনালদো) মাঠ থেকে তুলে নেওয়ার কোনো মানে হয় না।’

তবে সমালোচকদের মতে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বড় টুর্নামেন্টে রোনালদোর গোলখরা দীর্ঘদিনের। তিনি এখন টানা ১০টি বড় আন্তর্জাতিক ম্যাচে গোলহীন। বিশ্বকাপ বা ইউরোর মতো আসরে তার সর্বশেষ ওপেন-প্লে গোল এসেছিল ২০২১ সালের ইউরোতে ফ্রান্সের বিপক্ষে।

বাছাইপর্ব কিংবা অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে গোল করলেও, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে রোনালদোকে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না আগের সেই ধারালো রূপে। তাই প্রশ্নটা রোনালদোকে বাদ দেওয়া উচিত কি না, সেটি নয়।

বরং প্রশ্ন হওয়া উচিত—দলের স্বার্থে প্রয়োজন হলে তাকে কখন মাঠ থেকে তুলে নেওয়া উচিত, সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার সাহস কি দেখাতে পারবেন কোচ মার্তিনেজ? বিশ্বকাপে পর্তুগালের ভাগ্য অনেকটাই নির্ভর করছে সেই উত্তরের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com