মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
Logo

অস্ট্রেলিয়ায় ভালো খেলে জাতীয় দলে ফিরতে চান শামীম

/ ৩৫ বার পড়া হয়েছে
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

জাতীয় দলের বাইরে থাকার সময়টা কাজে লাগাতে চান শামীম পাটোয়ারী। অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টকে তাই শুধু এইচপি দলের হয়ে খেলার সুযোগ হিসেবে দেখছেন না এই ব্যাটার। নিজের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে ফেরার দাবিটা আরও জোরালো করতে চান তিনি।

অস্ট্রেলিয়া সফরের জন্য দুই দিন আগে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়েছে দলের ফটোসেশন। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন শামীম। সেখানেই নিজের ব্যক্তিগত লক্ষ্য পরিষ্কার করেছেন তিনি।

জাতীয় দলের বাইরে থাকাটাই শামীমকে এবার বাড়তি তাড়না দিচ্ছে। অস্ট্রেলিয়ায় ভালো খেলে আবার জায়গা করে নেওয়ার পথ তৈরি করতে চান ২৫ বছর বয়সী এই ক্রিকেটার। শামীম বলেন, ‘অবশ্যই ব্যক্তিগত লক্ষ্য আছে। যেহেতু আমি জাতীয় দলের বাইরে, তাই লক্ষ্য থাকবে ভালো পারফর্ম করে আবার দলে ফিরে আসা। আমার ব্যক্তিগত লক্ষ্য হলো ভালো খেলা এবং দলকে জেতানো। মূলত এটাই আমার লক্ষ্য।’

টি-টোয়েন্টি ক্রিকেটে শামীমের অন্যতম বড় দায়িত্ব থাকে ইনিংসের শেষ দিকে দ্রুত রান তোলা। জাতীয় দলের মতো এইচপি দলেও তাঁর ব্যাটিং পজিশন বদলাচ্ছে না। ছয় নম্বরে নেমে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দ্রুত রান করে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যাওয়াই তাঁর কাজ।

নিজের দায়িত্ব নিয়ে শামীম বলেন, ‘আমার ভূমিকা হলো ফিনিশিং দেওয়া। ছয় নম্বরে খেলি, তাই আমার কাজ, ম্যাচ শেষ করে আসা। দলকে জেতানোই আমার প্রধান কাজ। তাই, সেখানে ভালো করা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা অবশ্য শামীমের আগে থেকেই আছে। ফলে নতুন কন্ডিশন তাঁর কাছে পুরোপুরি অচেনা নয়। দেশটির উইকেট নিয়ে তাঁর ধারণাও ইতিবাচক। তবে সেখানে গিয়ে দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াকেই সাফল্যের অন্যতম শর্ত মনে করছেন তিনি।

শামীমের চাওয়া ব্যক্তিগত সাফল্যের চেয়েও বড়। দলকে টুর্নামেন্টের শীর্ষে দেখতে চান তিনি। অস্ট্রেলিয়ার উইকেট ও পরিবেশ কাজে লাগিয়ে ভালো ক্রিকেট খেলে শেষ পর্যন্ত শিরোপা জয়ের লক্ষ্যই তাঁদের।

শামীম বলেন, ‘আমি এর আগেও সেখানে খেলেছি। ওখানকার উইকেট অনেক ভালো। আশা করছি, আমরা ভালো ক্রিকেট খেলতে পারব। সেখানে গিয়ে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। লক্ষ্য, অবশ্যই ভালো কিছু করা এবং চ্যাম্পিয়ন হওয়া। দেখা যাক, কী হয়।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com