বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
Logo

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ রাত

/ ৩০ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

স্পোর্টস ডেক্স ।।

আরও একবার মাঠে নামবেন লিওনেল মেসি। এবার আর কোনো হিসাবনিকাশ নেই, সামনে নতুন কোনো টুর্নামেন্টও নেই। আছে শুধু বিদায়ের উপলক্ষ। বুয়েনস এইরেসে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামবেন মেসি। যে জার্সি পরে প্রায় দুই দশক ধরে ফুটবল-জাদুতে সম্মোহিত করেছেন, সেটিই শেষবার গায়ে জড়াবেন ৩৯ বছর বয়সী এই তারকা।

স্টেডিয়ামের সব টিকিট ছাড়ার ৯০ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে। মাঠের ৮৫ হাজার দর্শকের সামনে মেসিকে ঘিরে স্বাভাবিকভাবেই থাকবে অন্য রকম আবেগ। ফল কী হলো, সেটি হয়তো অনেকের কাছেই বড় প্রশ্ন হবে না। সবার অপেক্ষা থাকবে ১০ নম্বর জার্সির শেষ ৯০ মিনিট দেখার।

জাতীয় দলের হয়ে মেসির পথচলা শুরু হয়েছিল ২০০৫ সালে। শুরুটা খুব একটা মসৃণ ছিল না। এসেছে সমালোচনা, বড় ম্যাচে ব্যর্থতার হতাশা, ফাইনালে হার। ২০১৪ বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ ও ২০১৬ কোপা আমেরিকার হতাশা—একসময় মনে হয়েছিল, আর্জেন্টিনার জার্সিতে তাঁর গল্প বুঝি অপূর্ণই থেকে যাবে।

তারপর গল্পটা বদলেছে। ২০২১ সালে কোপা আমেরিকা জেতার পর এসেছে ‘ফিনালিসিমা’। এরপর ২০২২ কাতার বিশ্বকাপ। ফ্রান্সের বিপক্ষে সেই ফাইনালে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ ট্রফি তুলেছিলেন মেসি। জাতীয় দলের হয়ে তাঁর সাফল্যের তালিকায় যোগ হয়েছে আরও কিছু অর্জন। এখন সেই গল্পের শেষ পাতাটিও লেখা হয়ে যাবে কাল বেনিনের বিপক্ষে ম্যাচে।

আর্জেন্টিনার হয়ে মেসির এটি ২০৮তম ম্যাচ। দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সবচেয়ে বেশি গোল করা এই ফুটবলারের শেষ ম্যাচ বলেই নয়, প্রতিটি মুহূর্তই হয়তো আলাদা করে মনে রাখবেন দর্শকেরা। তাঁর দৌড়, বাঁ পায়ের শট, একাধিক খেলোয়াড়কে কাটিয়ে বেরিয়ে যাওয়া কিংবা সতীর্থকে অসাধারণ সব পাস—আকাশি-নীল জার্সিতে এসব আর যে দেখা যাবে না।

মেসির বিদায় সামনে রেখে বিশেষ জার্সিও পরবে আর্জেন্টিনা। জাতীয় পতাকার রঙের উল্লম্ব নকশা, মাঝখানে মে মাসের সূর্য আর ১০ নম্বর ঘিরে লরেলের ডালপালা। সবকিছুর মধ্যেই একটি অধ্যায়ের সমাপ্তির ইঙ্গিত।

বেনিনের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য আর্জেন্টিনা দুটি প্রীতি ম্যাচ খেলেছে। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর বুরকিনা ফাসোর বিপক্ষে জিতেছে ৭-০ ব্যবধানে। কিন্তু সেই দুই ম্যাচের ফলও এখন আলোচনার কেন্দ্র নয়। কারণ, মনুমেন্তালে খেলবে আর্জেন্টিনা ঠিকই, কিন্তু গ্যালারির চোখ থাকবে একজনের দিকেই।

শেষবারের মতো জাতীয় সংগীতের সময় তাঁর পাশে দাঁড়াবেন সতীর্থরা। শেষবারের মতো গোলের পর হয়তো ছুটবেন দর্শকদের দিকে। তারপর?

সেই উত্তর হয়তো ম্যাচ শেষ হওয়ার পরই মিলবে। ফুটবল থেকে মেসি এখনই হারিয়ে যাচ্ছেন না। কিন্তু আর্জেন্টিনার জার্সিতে তাঁকে দেখার গল্প শেষ এখানেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com