মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট দ্রুত সরাতে বাধ্য করতে আইন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছেন কাল থেকে পরায়ণ প্রকল্পের মিডিয়া টিমের সঙ্গে ত্রৈমাসিক মতবিনিময় সভা দ্বিতীয় দিনে বরিশাল শের ই বাংলা মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি ইসরায়েল ও ইরানকে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের পটুয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু আগামী হজের রোডম্যাপ প্রকাশ, নিবন্ধনের শেষ সময় ২৬ সেপ্টেম্বর এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী বরিশালে মাছ ব্যাবসায়ীর টাকা ছিনতাই, ছাত্রলীগ কর্মী আটক ঝালকাঠিতে ইয়াবাসহ মন্দিরের পুরোহিত আটক

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার, কাজে ফিরছেন কাল থেকে

/ ১৬ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৮ জুন, ২০২৬

‎অনলাইন ডেক্স ।।

ছয় দফা দাবিতে সারা দেশে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ঘোষণা অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকেরা তাদের স্বাভাবিক দায়িত্বে ফিরবেন বলে জানিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে বৈঠকের পর আজ সোমবার রাতে তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত জানান।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, এফসিপিএস (পার্ট-১) ও এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী ভাতা পাবেন এবং প্রতি মাসে এ ভাতা পরিশোধ করা হবে। সরকারের নবম পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া অনুসরণ করে অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও ঐকমত্য হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলো আগামী সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন শুরু করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিরা চলমান কর্মবিরতি ও ওয়ার্ড বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

যৌথ বিবৃতিতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

এর আগে ছয় দফা দাবিতে রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকেরা। তাদের দাবির মধ্যে ছিল—এফসিপিএস (পর্ব-১) উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের ভাতা নিশ্চিত করা, ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, ভর্তি পরীক্ষার ফি কমানো এবং বেসরকারি খাতে চিকিৎসকদের জন্য সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

কর্মসূচির কারণে দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সেবা কার্যক্রমে আংশিক প্রভাব পড়ে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com