অনলাইন ডেক্স ।।
শতাধিক ব্যক্তিকে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেছেন, জিয়াউলের অপরাধ সমুদ্রসম। তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরবিন্দু।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ রাষ্ট্রপক্ষের সমাপনী যুক্তিতর্ক উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এ মামলায় উঠে আসা অপরাধের ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা এবং মরদেহ গুম করার মতো ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় ক্ষমতা ও দায়িত্বের অপব্যবহারের মাধ্যমে মানুষের জীবন কেড়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এসব ঘটনায় অসংখ্য পরিবার তাদের স্বজন হারিয়েছে।
স্বজন হারানোর শূন্যতা কোনো রায় পূরণ করতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, আদালতের রায়ে মায়ের কাছে সন্তান, স্ত্রীর কাছে স্বামী কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তবে অপরাধের বিচার হতে হবে। ন্যায়বিচারের প্রত্যাশা নিয়েই ভুক্তভোগী পরিবারগুলো ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছে।
শাস্তির প্রয়োজনীয়তা তুলে ধরতে দার্শনিক হেগেল ও হার্বার্ট মরিসের বক্তব্য উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল। তাঁর ভাষ্য, অপরাধের যথাযথ বিচার না হলে ভুক্তভোগী ও তাঁদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। একই সঙ্গে বিচারব্যবস্থা ও রাষ্ট্রের ওপর মানুষের আস্থা ক্ষুণ্ন হবে। এ ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে আইনের শাসন প্রতিষ্ঠা কঠিন।
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর সংখ্যা, নিষ্ঠুরতা ও মানুষের জীবনে এর প্রভাব বিবেচনায় সর্বোচ্চ শাস্তির আবেদন জানান তিনি। অ্যাটর্নি জেনারেল বলেন, এত মানুষের প্রাণহানি ও পরিবারগুলোর দীর্ঘদিনের দুর্ভোগের তুলনায় একবারের মৃত্যুদণ্ডও অতি সামান্য। জিয়াউলের অপরাধ সমুদ্রসম, তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশিরবিন্দু।
তিনি আরও বলেন, আইনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও আইন অনুযায়ী একাধিকবার মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ নেই। এ বাস্তবতা বিবেচনায় আইনে সর্বোচ্চ যে শাস্তির বিধান রয়েছে, তা প্রয়োগের আবেদন জানাচ্ছে রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্যপ্রমাণ, নথি ও অন্যান্য আলামতের ভিত্তিতে মামলার সব অভিযোগ প্রমাণ করা সম্ভব হয়েছে। মানবতাবিরোধী অপরাধের প্রয়োজনীয় উপাদানও প্রতিষ্ঠিত হয়েছে। তাই যুক্তিসংগত সন্দেহের ঊর্ধ্বে জিয়াউল আহসানকে দোষী সাব্যস্ত করার যথেষ্ট ভিত্তি রয়েছে।
যুক্তিতর্কের শেষ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, আন্তর্জাতিক আইনে স্বীকৃত বিশ্বাসঘাতক, সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন। দেশের জনগণের পক্ষে তাঁর সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি।
এ ছাড়া জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি তাঁর সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করে সেই অর্থ ভুক্তভোগী পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আবেদনও জানান অ্যাটর্নি জেনারেল।
বৃহস্পতিবার তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মামলায় রাষ্ট্রপক্ষের তিন দিনের যুক্তিতর্ক শেষ হয়েছে। এর আগে ২৪ ও ২৫ নভেম্বর প্রথম দুই দিন যুক্তিতর্ক উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা।
মামলায় রাষ্ট্রপক্ষের ১৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। অন্যদিকে, আসামিপক্ষের একমাত্র সাফাই সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন আইনজীবী তাসলিমা জাহান পপি। নিরাপত্তাজনিত কারণে মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চ্যুয়ালি বিচারিক কার্যক্রমে অংশ নিচ্ছেন।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ায় এবার আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের পালা। উভয় পক্ষের বক্তব্য শেষ হলে সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে রায়ের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন ট্রাইব্যুনাল।