মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বিয়ে ও ধর্ম পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে প্রেম, পল্লী বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে ধর্ষণ মামলা পরীক্ষকের বদলে শিক্ষার্থীদের হাতে এইচএসসির খাতা, ভিডিও ভাইরাল পিরোজপুরে চিকিৎসকদের প্রতি সিভিল সার্জনের কঠোর বার্তা গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বরগুনায় লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও টেন্ডার ছাড়াই স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি বিদ্যুৎ বিল নিয়ে মিথ্যা তথ্য ছড়ালে আইনি ব্যবস্থা: বিদ্যুৎ বিভাগ উজিরপুরে খোলা আকাশের নিচে পড়ে আছে বস্তাভর্তি সরকারি কম্বল! পরীক্ষা নয়, এসএসসির ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত, সরকারের নির্দেশনার অপেক্ষায় ইসি

পরিবেশ সংরক্ষণে আমাদের সবার দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী

/ ৩৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

‎অনলাইন ডেক্স ।।

পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমরা যদি প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করি, তাহলে একটি পরিচ্ছন্ন পরিবেশ ও সুন্দর দেশ গড়ে তুলতে পারব।’

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আসুন, আমরা আমাদের আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সচেতন হই। দেশটা তো আমাদের সকলের। সকলে মিলে ছোট ছোট প্রচেষ্টার মাধ্যমেই আমরা দেশের জন্য বড় কিছু করতে সক্ষম হব।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে স্পর্শ করে। ৪০ বা ৩০ বছর আগের তুলনায় বর্তমান সময়ে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানাবিধ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।’

ময়লা আবর্জনা সঠিক উপায়ে ধ্বংস করার প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়। বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই। যত্রতত্র আমাদের ব্যবহারকৃত আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব।’

নিজের ঘরের পরিচ্ছন্নতার উদাহরণ টেনে তিনি বলেন, ‘চিন্তা করে দেখুন তো আপনার ঘরে যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারদিকে এমন তৃষ্ণ ছড়িয়ে থাকত, যদি চারদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকত, আপনার কাছে কি ভালো লাগত দেখতে? নিশ্চয়ই না। আমাদের কারও কাছেই ভালো লাগত না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ, শস্য শ্যামলা আমার ভুবন। তবে আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারব না।’

দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর সাম্প্রতিক সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভেতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথবা পুকুরপাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় এসব স্থানে মানুষ পরিবার-পরিজন নিয়ে বসত ও গল্প করত।’

তিনি বলেন, ‘আমরা যখন যাই তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে। কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। যদি পরিষ্কার থাকত আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতার সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে।’

সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, ‘আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব। সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব।’

দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com