স্পোর্টস ডেক্স ।।
ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন কাসেমিরো। ক্যারিয়ারের বড় একটি সময় কেটেছে লিওনেল মেসির বিপক্ষে খেলেই। তবে প্রতিপক্ষ হিসেবে নয়, বরং আর্জেন্টিনার অধিনায়কের সঙ্গে একই দলে মাঠ ভাগাভাগি করার স্বপ্ন দেখেছেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
ইন্টার মায়ামিতে যোগ দিয়ে কাসেমিরোর সেই স্বপ্ন এখন বাস্তবে রূপ নিয়েছে। ফ্লোরিডার ক্লাবটির হয়ে আনুষ্ঠানিক পরিচয়পর্বে এই ফুটবলার জানিয়েছেন, মেসিকে আরও শিরোপা জিততে সহায়তা করতে চান তিনি।
কাসেমিরো বলেন, ‘আমি সব সময়ই সেরাদের সঙ্গে থাকতে চাই। প্রতিদিনই তার (মেসি) সঙ্গে থাকা এবং একই দলে খেলার স্বপ্ন দেখেছি। আমি জানি, তাকে থামানো অসম্ভবের কাছাকাছি। কখনোই একা তাকে থামাতে পারিনি, সব সময় সতীর্থদের সাহায্য লাগত।’
মেসির সঙ্গে খেলতে পারার অনুভূতি জানিয়ে কাসেমিরো আরও বলেন, ‘ইতিহাসের অন্যতম সেরা একজন ফুটবলারের সঙ্গে খেলার স্বপ্ন সব খেলোয়াড়ই দেখে। আমি সেই স্বপ্নই এখন বাঁচছি। আমি এটি উপভোগ করতে চাই এবং তাকে আরও শিরোপা জিততে সাহায্য করতে চাই।’
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর গত সপ্তাহে মায়ামিতে যোগ দেন কাসেমিরো। শনিবার মন্ট্রিয়ালের বিপক্ষে ১-০ গোলের জয়ে নতুন ক্লাবের হয়ে প্রথমবারের মতো শুরুর একাদশে ছিলেন ৩৪ বছর বয়সী এই ফুটবলার।
মায়ামি ছাড়া মেজর লিগ সকারের (এমএলএস) অন্য কোনো ক্লাবে খেলার কথা ভাবেননি বলেও জানান কাসেমিরো, ‘আমি শুরু থেকেই পরিষ্কার ছিলাম, যদি এমএলএসের কোনো দলে খেলি, তাহলে সেটি হবে ইন্টার মিয়ামি।’
যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর আগে এমএলএস সম্পর্কে ধারণা নিতে কয়েকজনের সঙ্গে কথা বলেন কাসেমিরো। তাঁদের একজন ছিলেন তারকা ফুটবলারের স্বদেশি কিংবদন্তি কাকা, যিনি অরল্যান্ডো সিটির হয়ে তিন মৌসুম খেলেছিলেন।
কাসেমিরোর আগমনে মায়ামির মাঝমাঠ ও রক্ষণ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে দলের আক্রমণভাগ, বিশেষ করে মেসির নেতৃত্বে ধারাবাহিকভাবে সাফল্য এনে দিলেও রক্ষণভাগে দুর্বলতা ছিল স্পষ্ট। গত মৌসুম শেষে সার্জিও বুসকেটসের বিদায় সেই দুর্বলতা আরও বাড়িয়ে দেয়।
এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে মায়ামি। শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে তারা। লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামী ২ আগস্ট ভোরে কলম্বাস ক্রুর বিপক্ষে মাঠে নামবে মায়ামি।