রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
Logo

বরগুনায় ২৪ ঘণ্টায় পাঁচজনের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য!

/ ২৯ বার পড়া হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

বরগুনা প্রতিনিধি ।।

বরগুনায় গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে আজ শনিবার বেলা সাড়ে ১১টার মধ্যে সদর, পাথরঘাটা ও বামনা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধার হওয়া পাঁচজনের মধ্যে তিনজনের ঝুলন্ত লাশ, একজনকে পিটিয়ে হত্যা ও এক রিকশাচালকের মরদেহ সড়কের পাশে পাওয়া গেছে। তিনজনের বাড়ি সদর উপজেলায়, বাকি দুজন পাথরঘাটা ও বামনা উপজেলার বাসিন্দা। একসঙ্গে পাঁচজনের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

আজ সকালে সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া এলাকায় নিজ বসতঘর থেকে মোসা. কনা (৩৪) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একই সময়ে সদরের ঢলুয়া ইউনিয়নের নলী এলাকায় বসতঘর থেকে সালেহা বেগম নামের ৯৩ বছর বয়সী এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ করা হয়।

এর আগে গতকাল দুপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের এক সদস্যকে কুপিয়ে গুরুতর জখম করেন মাদক ব্যবসায়ী ইব্রাহিম হোসেন (কালু) ও তাঁর সহযোগীরা। এতে ক্ষুব্ধ হয়ে এলাকার লোকজন কালু বাহিনীর ওপর হামলা করেন। এতে ঘটনাস্থলে কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন নিহত হন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম বলেন, আজ সকালে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গতকাল স্থানীয় লোকজনের পিটুনিতে চিহ্নিত এক সন্ত্রাসী নিহত হন।

এদিকে পাথরঘাটায় মিজানুর রহমান (৪৫) নামের এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে পাথরঘাটা পৌরসভার পানি উন্নয়ন বোর্ডের দক্ষিণ পাশের সড়ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিজানুর পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

নিহত মিজানুরের পরিবারের সদস্যরা জানান, গতকাল রাতের খাবার খেয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন মিজানুর। রাত দেড়টা থেকে দুইটার মধ্যে কোনো এক সময় তিনি বাসা থেকে বেরিয়ে যান। এরপর আর বাড়িতে ফেরেননি। ভোরে সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেশীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পাথরঘাটা থানার ওসি মো. এনামুল হক বলেন, প্রতিবেশীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আজ বেলা সাড়ে ১১টার দিকে বামনা উপজেলার কলাগাছি এলাকা থেকে এহসান (১৮) নামের এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বামনা থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, প্রেমঘটিত কারণে ওই তরুণ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ মরদেহ উদ্ধারের সময় তাঁর কানে হেডফোন ছিল। তাঁরা নিহত কলেজছাত্রের মুঠোফোনটি জব্দ করেছেন। মৃত্যুর কারণ তদন্ত করে বের করা হবে।

জেলা পাবলিক পলিসি ফোরামের আহ্বায়ক হাসানুর রহমান বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে আত্মহত্যার মতো মৃত্যুর পথ বেছে নিচ্ছেন অনেকে। আত্মহত্যার ব্যাপারে নিরুৎসাহিত করতে পাড়া-মহল্লায় সভা–সেমিনার করা প্রয়োজন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com