নিজস্ব প্রতিবেদক ।।
বরিশাল নগরীতে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরীর বিএম কলেজ রোডের তালভিটা লেনের কাশেম মহল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নয়ন (২৫) ও তার স্ত্রী মুক্তা আক্তার (১৯)। তারা নগরীর এয়ারপোর্ট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের লুৎফর রহমান সড়কের ব্লক-এ এলাকার বাসিন্দা। তবে বর্তমানে তারা কোতোয়ালি মডেল থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের তালভিটা লেনের কাশেম মহলে ভাড়া থাকতেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় রাস্তার ওপর তাদের তল্লাশি করে ২০০ ইয়াবা ও ইনফিনিক্স X6725 মডেলের একটি স্মার্টফোন জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতোয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানিয়েছে, মামলায় আইনের ৫৬ ধারাও প্রয়োগ করা হয়েছে।