নিজস্ব প্রতিবেদক ।।
আসন্ন শারদীয় দুর্গা পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আজ বিএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে বেলা সারে ৩ টায় পূজা উদযাপন সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্ ।
এ সময় তিনি প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক মোতায়েন, ট্রাফিক ব্যবস্থাপনা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ডসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং যেকোনো অপতৎপরতা সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিক অবহিত করার আহ্বান জানান।
সভায় বিএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের পাশাপাশি এসআরবি, ডিজিএফআই, এনএসআই, সিভিল সার্জন কার্যালয় ও বিদ্যুৎ বিভাগ এর প্রতিনিধিসহ সকল পূজা উদযাপন কমিটির সভাপতি/সম্পাদক ও সংশ্লিষ্ট বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।