মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
Logo

ইংল্যান্ডের ফুটবল ক্লাবে সুযোগ পেল গৌরনদীর সাবিদ

/ ৩৮ বার পড়া হয়েছে
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

বানারীপাড়া প্রতিনিধি ।।

বয়স মাত্র ৯ বছর। অথচ এই বয়সেই ফুটবল প্রতিভার স্বাক্ষর রেখে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। প্রবাসের মাটিতে ফুটবলের আঙিনায় তার এই সাফল্যে আশাবাদী পরিবার। তাদের স্বপ্ন, একদিন আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে ছোট্ট সাবিদ।

জায়েদ ইসলাম সাবিদ ইংল্যান্ডপ্রবাসী রফিকুল ইসলাম সুমনের ছেলে। তাঁদের পৈতৃক বাড়ি বরিশালের গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আশোকাঠী মহল্লায়। শিকড় বাংলাদেশের গৌরনদীতে হলেও সাবিদের ফুটবল-যাত্রা এগিয়ে চলছে ইংল্যান্ডের মাঠে।

রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে মুঠোফোনে ছেলের সাফল্যের খবর নিশ্চিত করেন বাবা রফিকুল ইসলাম সুমন। তিনি জানান, লেখাপড়ার পাশাপাশি ফুটবলের প্রতি সাবিদের রয়েছে গভীর ভালোবাসা। সেই আগ্রহ ও প্রতিভার জোরেই ইংল্যান্ডের একটি ক্লাবের অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে সে।

রফিকুল ইসলাম সুমনের প্রত্যাশা, ছোট্ট বয়সে পাওয়া এই সুযোগ একদিন সাবিদকে আরও বড় সাফল্যের পথে এগিয়ে নেবে। প্রতিভা, পরিশ্রম ও নিয়মিত অনুশীলনের মধ্য দিয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে আন্তর্জাতিক ফুটবলে।

তিনি বলেন, ‘আমরা চাই, সাবিদ একদিন তারকা ফুটবলার হয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। সে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে, এ জন্য বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই।’

মাত্র ৯ বছর বয়সে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে সুযোগ পাওয়া সাবিদের সামনে এখন নতুন চ্যালেঞ্জ, নিজেকে আরও দক্ষ করে তোলা এবং ফুটবলে নিজের অবস্থান শক্ত করা। পরিবারের স্বপ্ন, একদিন এই খুদে ফুটবল প্রতিভার সাফল্যে গর্বিত হবে গৌরনদী, গর্বিত হবে বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com