বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :

বরগুনায় ট্যালেন্টপুলে বৃত্তি পেল জমজ ৩ বোন

/ ২০ বার পড়া হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ।।

বরগুনার জমজ তিন বোন অঙ্কিতা, অনুষ্কা ও অন্বেষার অসাধারণ সাফল্য এখন জেলার শিক্ষা অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিন বোনই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

একই পরিবারের জমজ তিন বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের ঘটনা শুধু বরগুনা নয়, দেশের শিক্ষাঙ্গনেও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে।

জানা গেছে, বরগুনার ইতিহাসে এই প্রথম কোনো জমজ তিন বোন একসঙ্গে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনের গৌরব অর্জন করেছে।

তাদের এমন সাফল্যে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে বিরাজ করছে আনন্দ ও গর্ব। তিন কৃতী শিক্ষার্থী অঙ্কিতা, অনুষ্কা ও অন্বেষার মা কাজল রানী গৌরিচন্না হাইসংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।

বাবা চিন্ময় মালদার গৌরিচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর। তাদের গ্রামের বাড়ি বরগুনা জেলার দক্ষিণ মনসাতলী গ্রামে। বর্তমানে তিন বোনই বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই তিন বোনের মধ্যে পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল। অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধান, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং তাদের নিয়মিত অধ্যবসায়ের ফলেই এই অনন্য সাফল্য এসেছে। কর্মব্যস্ততার মাঝেও মা কাজল রানী সন্তানদের পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার বিষয়ে সবসময় গুরুত্ব দিয়েছেন।

তিন বোনের মধ্যে রয়েছে এক বিশেষ মিল। অনেক সময় তাদের পোশাক, ব্যাগসহ বিভিন্ন ব্যবহারিক সামগ্রীও একই রঙের হয়ে থাকে। একই ধরনের পোশাক ও সাজসজ্জায় তাদের একসঙ্গে দেখলে আলাদা করে চেনা কঠিন হয়ে পড়ে। তাদের এই মিল ও বন্ধন পরিবার-পরিজন এবং পরিচিতদের কাছেও বেশ আকর্ষণের বিষয়।

এ সাফল্যে স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক, জনপ্রতিনিধি ও এলাকাবাসী উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেন, একই পরিবারের তিন জমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন অত্যন্ত বিরল ঘটনা। তাদের এই অর্জন দেশের অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

এদিকে, তিন বোনের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্টুডেন্ট কেয়ারের প্রতিষ্ঠাতা এহসান আহমাদ নোমান বাংলানিউজকে জানান, অঙ্কিতা, অনুষ্কা ও অন্বেষা স্টুডেন্ট কেয়ারের মডেল টেস্ট ব্যাচে নিয়মিত অংশগ্রহণ করেছে। পড়াশোনার পাশাপাশি তাদের ভদ্রতা, শালীনতা ও অধ্যবসায়ী মনোভাব সবসময় প্রশংসনীয় ছিল।

তিনি আরও বলেন, নিয়মিত মূল্যায়ন, ধারাবাহিক অনুশীলন এবং পরীক্ষাভিত্তিক প্রস্তুতি তাদের আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিন বোনের এই সাফল্য তাদের কঠোর পরিশ্রম, মনোযোগ ও পরিবারের সহযোগিতার ফল বলেও তিনি উল্লেখ করেন।

জমজ তিন বোনের এই গৌরবময় অর্জন বরগুনার শিক্ষা অঙ্গনে নতুন এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ভবিষ্যতেও তারা আরও বড় সাফল্য অর্জন করে পরিবার, বরগুনা ও দেশের মুখ উজ্জ্বল করবে এমন প্রত্যাশা সবার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com