আগৈলঝাড়া প্রতিনিধি ।।
বরিশালের আগৈলঝাড়ায় ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার ৫শ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার সকালে উপজেলার গৈলা বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও ইন্দ্রানী দাস।
অভিযানকালে মূল্যতালিকা না থাকা, দৃশ্যমান স্থানে পণ্যের দাম প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের অপরাধে গৈলা বাজারের ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এর মধ্যে বিমল স্টোরকে ৩ হাজার টাকা, লোকনাথ স্টোরকে ৬ হাজার টাকা, ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকা, হাবিব স্টোরকে ৩ হাজার টাকা, মুক্তি এন্টারপ্রাইজ সার দোকানকে ৪ হাজার টাকা এবং মায়ের দোয়া স্টোরকে ১ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে স্থানীয় ব্যবসায়ীদের সঠিক মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বর্জনের কঠোর নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে ভোক্তা অধিকারের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।